বিশ্বকাপ ব্যর্থতার পর সৌদি ফুটবল প্রধানের পদত্যাগ
ছবি: সংগৃহীত
১১:৫০ এএম | ২৯ জুন, ২০২৬
বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল-মিসেহাল। সৌদি আরব গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।
আল-মিসেহাল বলেন, জাতীয় দলকে নকআউট পর্বে তুলতে না পারা সৌদি ফুটবলের প্রত্যাশার সঙ্গে একেবারেই মানানসই নয়। এই ব্যর্থতার সম্পূর্ণ দায় তিনি নিজের কাঁধে নিচ্ছেন এবং সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন। তার ভাষায়, নতুন করে এগিয়ে যেতে নেতৃত্বেও পরিবর্তন প্রয়োজন। সে কারণেই বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত সাত বছর ধরে সৌদি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্বে ছিলেন আল-মিসেহাল। ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব নিশ্চিত করার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তবে সেই সময়েই দেশের ফুটবলে ব্যাপক বিনিয়োগ, বিশ্বমানের অবকাঠামো নির্মাণ এবং রোনালদো, নেইমারের মতো তারকাদের সৌদি লিগে আনার পরও জাতীয় দলের বিশ্বকাপ ব্যর্থতা হতাশা বাড়িয়েছে।

এবারের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে শেষ ম্যাচ পর্যন্ত নকআউটে ওঠার সম্ভাবনা ছিল সৌদি আরবের। কিন্তু কেপ ভার্দের বিপক্ষে জিততে না পারায় গোলশূন্য ড্র নিয়ে শেষ হয় তাদের অভিযান। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকেই বিদায় নিতে হয় সৌদিদের।
বিশ্বকাপের মাত্র দুই মাস আগে হার্ভে রেনার্ডের পরিবর্তে জর্জিওস ডনিসকে প্রধান কোচ করার সিদ্ধান্তও দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলেছিল বলে মনে করা হচ্ছে। শেষ পর্যন্ত সেই ব্যর্থতার দায় নিয়েই দায়িত্ব ছাড়লেন সৌদি ফুটবলের সর্বোচ্চ কর্মকর্তা।
কেএন/টিকে