‘মেসি’ ছাড়াই ব্রাজিলের বিপক্ষে জাপানের কঠিন লড়াই
ছবি: সংগৃহীত
০৬:২৮ পিএম | ২৯ জুন, ২০২৬
বিশ্বকাপের শেষ ৩২-এ ব্রাজিলের মতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি জাপান। শক্তির বিচারে স্পষ্ট আন্ডারডগ হলেও সামুরাই ব্লুরা বিশ্বাস হারাচ্ছে না। বরং গত বছরের প্রীতি ম্যাচের স্মৃতি মনে রেখে আবারও ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে তারা।
গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়েছিল জাপান। সেই জয় এখন আত্মবিশ্বাস জোগাচ্ছে হাজিমে মোরিয়াসুর দলকে।
তবে এবার বড় ধাক্কা খেয়েছে জাপান। দলের অন্যতম সেরা তারকা তাকেফুসা কুবো হাঁটুর মেনিস্কাসে চোট পেয়ে ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না। ‘জাপানি মেসি’ নামে পরিচিত এই ফরোয়ার্ড বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েন। শেষ পর্যন্ত তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছে জাপান শিবির।

কুবো না থাকলেও আক্রমণে ভরসা আয়াসে উয়েদা ও দাইচি কামাদা। গ্রুপ পর্বে দুজনই করেছেন দুটি করে গোল। গত বছরের ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয়ে জয়সূচক গোলটিও করেছিলেন উয়েদা।
জাপান কোচ হাজিমে মোরিয়াসু অবশ্য প্রতিপক্ষের শক্তি সম্পর্কে যথেষ্ট সতর্ক। তিনি বলেন, ‘ব্রাজিল সব সময়ই শিরোপার অন্যতম দাবিদার। অনেকেই বলবে আমরা আন্ডারডগ। আমরা সেটা মেনেই খেলব। প্রতিপক্ষকে সম্মান করি, কিন্তু গত বছরও কেউ আমাদের জয়ের সম্ভাবনা দেখেনি। এবারও আমরা ইতিহাস বদলাতে চাই।’
অন্যদিকে ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড রায়ান স্বীকার করেছেন, জাপান সম্পর্কে তাঁর খুব বেশি ধারণা নেই। এক জাপানি সাংবাদিক প্রতিপক্ষের সেরা খেলোয়াড় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না তাদের সেরা খেলোয়াড় কে। ভিডিও দেখে বুঝতে হবে। তবে আমরা জানি, জাপান খুবই শক্তিশালী দল। তাদের হারাতে আমাদের সর্বোচ্চটা দিতে হবে।’
কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলও দুর্দান্ত ছন্দে রয়েছে। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা। দলের সাতটি গোলই করেছেন ভিনিসিয়ুস জুনিয়র (৪) ও ম্যাথিউস কুনিয়া (৩)। তিনটি অ্যাসিস্ট করে আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ব্রুনো গিমারায়েস।
ব্রাজিল-জাপানের বহু প্রতীক্ষিত ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হবে।
এফআর/টিএ