ব্রাজিল ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকেরা
ছবি: সংগৃহীত
০৪:১৫ এএম | ৩০ জুন, ২০২৬
বিশ্বকাপের শেষ-৩২ পর্বে ব্রাজিলের কাছে হৃদয়ভাঙা পরাজয় মেনে নিতে হলেও নিজেদের দীর্ঘদিনের অনন্য সংস্কৃতি থেকে একচুলও সরে আসেননি জাপানের সমর্থকেরা। ম্যাচ শেষে হিউস্টন স্টেডিয়ামের গ্যালারিতে পড়ে থাকা ময়লা-আবর্জনা নিজেরাই পরিষ্কার করেন তারা।
সোমবার (২৯ জুন) হিউস্টন স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে রোমাঞ্চকর লড়াই উপভোগ করার পর ম্যাচ শেষ হতেই হাতে থাকা নীল রঙের ব্যাগগুলো দিয়ে গ্যালারিতে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা কুড়িয়ে পরিষ্কার করতে শুরু করেন জাপানি সমর্থকেরা। যে ব্যাগগুলো পুরো ম্যাচজুড়ে দলকে সমর্থন জানাতে ব্যবহার করেছিলেন, ম্যাচ শেষে সেগুলোই হয়ে ওঠে পরিচ্ছন্নতার উপকরণ।

বিশ্বকাপে জাপানি সমর্থকদের এই ব্যতিক্রমী উদ্যোগ নতুন নয়। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে জাপানের অভিষেক আসরেই প্রথমবার বিশ্বজুড়ে নজর কাড়ে তাদের এই অভ্যাস। এরপর গত ২৮ বছর ধরে প্রতিটি বিশ্বকাপেই ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করে আসছেন তারা।
মাঠের লড়াইয়ে অবশ্য শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে জাপানকে। ২৯তম মিনিটে কাইশু সানোর গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ক্যাসেমিরোর হেডে সমতায় ফেরে ব্রাজিল। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে সেলেসাওরা।
এই জয়ে ব্রাজিল আগামী রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে আইভরি কোস্ট বা নরওয়ের।
বিশ্বকাপের নকআউট পর্বে এখনও কোনো ম্যাচ জেতা হয়নি জাপানের। তবে মাঠের ফল যাই হোক না কেন, স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার সংস্কৃতি ধরে রেখে আবারও বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন দেশটির সমর্থকেরা।
এমআর/টিএ