© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আমরা টিকে আছি এবং আরও বেশি চাই', ম্যাচ শেষে ভিনিসিয়ুস বললেন

শেয়ার করুন:
‘আমরা টিকে আছি এবং আরও বেশি চাই', ম্যাচ শেষে ভিনিসিয়ুস বললেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৫ এএম | ৩০ জুন, ২০২৬
গ্রুপ পর্বের তিন ম্যাচে চার গোল করা ভিনিসিয়ুস জুনিয়র জাপানের বিপক্ষে অল্পের জন্য লক্ষ্যভেদ করতে পারেননি। প্রতিপক্ষের অঞ্চলে তার শট ছিল তিনটি, এর মধ্যে দুটি ছিল গোলমুখে। ফর্মের তুঙ্গে থাকা এই ফরোয়ার্ড গোল না পেলেও ঘুরে দাঁড়ানো জয় পেয়েছে সেলেসাওরা। ম্যাচ শেষে তাই উচ্ছ্বসিত তিনি।

৩৪ মিনিটে কিছুটা দূর থেকে ভিনিসিয়ুসের শট সহজেই হাতে নেন জাপান গোলকিপার জিওন সুজুকি। প্রতিপক্ষকে গোল শোধ দেওয়ার পর রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বড় একটা সুযোগ বঞ্চিত হন। ৫৮ মিনিটে তিনি বামপ্রান্ত থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ গতিতে তোমিয়াসুকে নাটমেগ করেন। বক্সের ভেতরে তিনি জাপানের আরেকজন খেলোয়াড়কে পুরোপুরি বোকা বানিয়ে ড্রিবল করে কাটিয়ে এগিয়ে যান এবং ডাইভ দেওয়া সুজুকিকে ফাঁকি দিয়ে শট নেন। কিন্তু বলটি পোস্টে লেগে ফিরে আসে এবং জাপানের রক্ষণভাগ বলটি ক্লিয়ার করে বিপদ মুক্ত করে। শেষ দিকে তার একটি শট প্রতিপক্ষ খেলোয়াড় আটকে দেন।



ম্যাচে সানোর গোলে এগিয়ে যায় জাপান। দ্বিতীয়ার্ধে ফিরে কাসেমিরো ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির ইনজুরি টাইমের গোলে শেষ ৩২ এর বাধা পার করে ব্রাজিল। শেষ ষোলোতে ওঠার অনুভূতি ভিনিসিয়ুস প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, ‘আমরা টিকে আছি এবং আরও বেশি চাই। এটা (জয়) ব্রাজিলের জন্য।’

এদিকে ম্যাচ শেষে দলের জয়সূচক গোল করা মার্তিনেল্লি বলেছেন, ‘আমার হৃদয়ের আনন্দ প্রকাশ করার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সব সমর্থককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখা, আমার বাবা-মা, আমার বন্ধুরা। আমি এটা বুঝিয়ে বলতে পারব না। বল পোস্টে লাগার পর আমি জানতাম যে আমি আরেকটি সুযোগ পাব। সত্যি বলতে, আমার বলার মতো কোনো শব্দ নেই।’

দলকে জেতাতে পেরে খুশি তিনি, ‘আমি কেবল খুশি যে দলকে সাহায্য করতে পেরেছি, তা আমি বামপ্রান্তেই খেলি কিংবা মাঝমাঠ দিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলকে সাহায্য করা।’

আরআই/টিএ

মন্তব্য করুন