© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং: ক্ষোভে বিদ্যুৎ অফিস ভাঙচুর

শেয়ার করুন:
ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং: ক্ষোভে বিদ্যুৎ অফিস ভাঙচুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৮ পিএম | ৩০ জুন, ২০২৬
সুনামগঞ্জের শাল্লায় লোডশেডিংয়ের কারণে ব্রাজিল বনাম জাপানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখতে না পেরে পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জুন) রাতে উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনে এই ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুৎ অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় ঘটনার সময় লোডশেডিং চলছিল। বহুল প্রতীক্ষিত ব্রাজিল বনাম জাপানের খেলা শুরু হওয়ার ৩০ মিনিট পার হয়ে গেলেও বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় দর্শকরা। একপর্যায়ে এলাকার উত্তেজিত লোকজন সাব-স্টেশনের মূল ফটকের সামনে জড়ো হয়ে হট্টগোল শুরু করেন। তারা অফিস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ভবনের জানালার কাচ ভেঙে যায়। পরে খবর পেয়ে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হন।

স্থানীয় ইউপি সদস্য বাবলু রায় বলেন, ব্রাজিলের খেলা দেখার জন্য মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। কিন্তু বিদ্যুৎ না থাকায় এলাকাবাসী খেলা দেখতে পারছিলেন না। পরে পল্লী বিদ্যুৎ অফিসে ঝামেলার কথা শুনে আমরা সেখানে যাই। তবে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

দিরাই-শাল্লা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) গিয়াস উদ্দিন জানান, খেলার সময় লোডশেডিং থাকায় এলাকার ৭০ থেকে ৮০ জন মানুষ ক্ষিপ্ত হয়ে অফিসে হামলা চালায়। তারা ইটপাটকেল ছুড়ে জানালার কাচ ভাঙচুর করেছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অফিসের সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ইটপাটকেলের আঘাতে অফিসের দু-একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, তথ্য পাওয়ার পরপরই আমি ওসি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করি। পুলিশসহ সবাই সম্মিলিতভাবে বিদ্যুৎ অফিসের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।

তিনি আরও বলেন, ফুটবল খেলাকে এ দেশের মানুষ ভীষণ ভালোবাসে, যার মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকই বেশি। ব্রাজিলের সমর্থকদের খেলা দেখায় ব্যাঘাত ঘটার কারণেই মূলত এমন একটি অনাকাঙিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

এফআর/টিএ

মন্তব্য করুন