দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১০ জন করে আনসার মোতায়েনে নির্দেশনা
ছবি: সংগৃহীত
০৯:৪৯ পিএম | ৩০ জুন, ২০২৬
দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় ১০ জন করে আনসার সদস্য মোতায়েনে সম্মতি জানিয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৯ জুন) সিনিয়র সহকারী সচিব মনিরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য সেবাকে সহজীকরণের লক্ষ্যে নব সৃজিত ৫টিসহ দেশের মোট ৫০০টি উপজেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে অঙ্গীভূত আনসার মোতায়েন করার জন্য মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সূত্রস্থ (খ) স্মারকমূলে পত্র প্রেরণ করা হয়।
সূত্রস্থ (গ) স্মারকমূলে সারা দেশে ৫০০টি উপজেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে ৫০০০ অঙ্গীভূত আনসার নিয়োগের জন্য বেতন-ভাতাদি বাবদ বাৎসরিক ব্যয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দের পরিবর্তে আনসার ও ভিডিপির সংশ্লিষ্ট কোডে বরাদ্দ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ বিভাগে পত্র প্রেরণ করা হয়।
সূত্রস্থ (ঘ) স্মারকমূলে বর্ণিত আনসার সদস্যদের বেতন ভাতাদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রদানের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
টিএ/