বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ে অবসরের ঘোষণা নয়্যারের
ছবি: সংগৃহীত
১১:৫৫ পিএম | ৩০ জুন, ২০২৬
জার্মানির বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়েছে অবিশ্বাস্য এক ধাক্কায়। শেষ ৩২ এর লড়াইয়ে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেই হতাশায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ার।
৪০ বছর বয়সী ন্যয়ার এর আগেও ইউরো ২০২৪ এর পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে চলতি বিশ্বকাপকে সামনে রেখে কোচ ইউলিয়ান নাগেলসমানের অনুরোধে সিদ্ধান্ত বদলে আবারও জার্মান দলে ফিরেছিলেন তিনি। বিশ্বকাপ শুরুর আগেই জানিয়ে রেখেছিলেন, এই আসরই হবে জাতীয় দলের জার্সিতে তার শেষ টুর্নামেন্ট। শেষ পর্যন্ত প্যারাগুয়ের কাছে বিদায়ের মধ্য দিয়েই শেষ হলো তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।

প্যারাগুয়ের বিপক্ষে ১-১ সমতার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে যায় জার্মানি। ম্যাচ শেষে জার্মান সংবাদমাধ্যমকে ন্যয়ার নিশ্চিত করেন, এটাই ছিল জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ। বিদায়ের মুহূর্তকে তিনি বর্ণনা করেন ‘অত্যন্ত তিক্ত’ হিসেবে।
এই বিশ্বকাপে ন্যয়ারের প্রত্যাবর্তন নিয়েও কম আলোচনা হয়নি। ইউরো ২০২৪-এর পর অবসর নেওয়া এই গোলরক্ষককে আবারও প্রথম পছন্দ হিসেবে দলে ফিরিয়ে আনেন নাগেলসমান। তবে জার্মানির হতাশাজনক বিদায়ের পর সেই সিদ্ধান্তও ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
আন্তর্জাতিক ফুটবলে ন্যয়ারের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালে। ২০১৪ সালে ব্রাজিলে জার্মানির বিশ্বকাপজয়ী দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন তিনি। আধুনিক ফুটবলে ‘সুইপার-কিপার’ ধারণাকে জনপ্রিয় করে তোলার কৃতিত্বও অনেকটাই তার। জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসেও নিজের নাম লিখিয়েছেন তিনি। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপে তার ২৩তম ম্যাচ, যা জার্মানির ইতিহাসে সর্বোচ্চ।
ন্যয়ারের বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো জার্মান ফুটবলের একটি গৌরবময় অধ্যায়। ২০১৪ সালের বিশ্বকাপজয়ী দলের শেষ দিকের অন্যতম প্রতিনিধি হিসেবে তিনি রেখে গেলেন নেতৃত্ব এবং ধারাবাহিকতা।
এমআর/টিএ