বিশ্বকাপে ইতিহাস গড়লেন মার্টিন ওডেগার্ড
ছবি: সংগৃহীত
০৫:১৪ এএম | ০১ জুলাই, ২০২৬
চলমান ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড। দলের আক্রমণভাগ পরিচালনার পাশাপাশি একের পর এক গোলে অবদান রেখে এবার গড়লেন অনন্য এক ইতিহাস। বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচের প্রতিটিতেই অ্যাসিস্ট করে বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন আর্সেনালের এই মিডফিল্ডার।
আইভরি কোস্টের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচেও নরওয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওডেগার্ড। পুরো ম্যাচজুড়ে মাঝমাঠ নিয়ন্ত্রণের পাশাপাশি আক্রমণ তৈরিতে ছিলেন কার্যকর। তার ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন তিনি।
পরিসংখ্যান বলছে, ১৯৬৬ সালে বিশ্বকাপে অ্যাসিস্টের রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর নিজের প্রথম তিনটি বিশ্বকাপ ম্যাচের প্রতিটিতে অ্যাসিস্ট করা মাত্র তৃতীয় ফুটবলার মার্টিন ওডেগার্ড।

এর আগে এই কীর্তি গড়েছিলেন ১৯৮৬ বিশ্বকাপে সাবেক সোভিয়েত ইউনিয়নের ইগর বেলানভ এবং ২০০২ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি মিডফিল্ডার মাইকেল বালাক। প্রায় ২৪ বছর পর সেই এলিট তালিকায় যুক্ত হলো ওডেগার্ডের নাম।
চলতি বিশ্বকাপে নরওয়ের সাফল্যের অন্যতম কারিগরও তিনি। অধিনায়ক হিসেবে মাঝমাঠ থেকে খেলার গতি নিয়ন্ত্রণ, নিখুঁত পাস এবং সুযোগ তৈরি করে সতীর্থদের গোল করার পথ সহজ করে দিচ্ছেন নিয়মিত। তার নেতৃত্বে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে।
এবার নরওয়ের সামনে আরও কঠিন পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দুর্দান্ত ফর্মে থাকা ওডেগার্ড নিজের অ্যাসিস্টের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ইতিহাসের পর নতুন আরেকটি সাফল্যের স্বপ্নও দেখতে পারে নরওয়ে।
এমআর/টিএ