© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'আনচেলত্তি, ‘অপেক্ষা করো, আমরা আসছি’ নরওয়ে কোচের হুংকার

শেয়ার করুন:
'আনচেলত্তি, ‘অপেক্ষা করো, আমরা আসছি’ নরওয়ে কোচের হুংকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৮ এএম | ০২ জুলাই, ২০২৬
আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট কেটেছে নরওয়ে। ঐতিহাসিক এই জয়ের পর ড্রেসিংরুমে উদ্‌যাপনের মধ্যেই ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির উদ্দেশে হুঙ্কার দেন নরওয়ের কোচ স্তালে সোলবাকেন। আগামী রোববার নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শেষ আটে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে নরডিক দেশটি।

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে সুযোগ পেয়েই নক-আউটে জায়গা করে নেয় নরওয়ে। প্রথম নকআউট ম্যাচেও আসে সফলতা। এরপরই ড্রেসিংরুমে ফুটবলারদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে সোলবাকেন বলেন, ‘তোমরা আজ ইতিহাস তৈরি করেছ। দেশের ২৮ বছরের যন্ত্রণা আর আক্ষেপের অবসান ঘটিয়েছ তোমরা। নরওয়েবাসীর জন্য এই আনন্দ তোমাদেরই তৈরি করা।’

বক্তব্য শেষ করার ঠিক আগমুহূর্তে আনচেলত্তির উদ্দেশ্যে তিনি বলেন, ‘কার্লো আনচেলত্তি, তুমি অপেক্ষা করো। আমরা আসছি।’

বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিল। তবে নরওয়ের বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুই দলের চার দেখায় নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি হয়েছে ড্র। ফলে ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার অনন্য রেকর্ড রয়েছে নরওয়ের। সর্বশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে মুখোমুখি হয়ে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল নরডিক দেশটি।

সেই সোনালী ইতিহাসের কথা মনে করিয়ে দিয়ে নরওয়েজিয়ান অধিনায়ক মার্টিন ওডেগার্ড বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা নরওয়ে-ব্রাজিল ম্যাচের গল্প শুনে বড় হয়েছি। এবার আমাদের সামনে সেই সুযোগ এসেছে। বিশ্বকাপে ব্রাজিলের মুখোমুখি হওয়ার চেয়ে বড় আর কিছু হতে পারে না। ফুটবলে যেকোনো কিছুই সম্ভব।’

কোচ ও সতীর্থরা হুঙ্কার দিলেও সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছেন দলের প্রধান স্ট্রাইকার আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন ব্রাজিলকে সমীহ করে বেশ সতর্ক বার্তা দিয়েছেন। ব্রাজিলের বিপক্ষে নরওয়ের সম্ভাবনা কতটুকু, জানতে চাওয়া হলে ফিফাকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে হালান্ড সরাসরি বলেন, ‘জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ।’

এমআই/টিএ


মন্তব্য করুন