পাপনের দুর্নীতি অনুসন্ধান করতে বিসিবির কাছে নথিপত্র চাইল দুদক
ছবি: সংগৃহীত
০৮:১৮ পিএম | ০২ জুলাই, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সংস্থাটির কাছে নথিপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত তিনটি পৃথক চিঠিতে বিসিবির কাছে নথি চাওয়া হয়েছে।
দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছেন। অভিযোগ তদন্তে মো. সাইদুজ্জামানকে দলনেতা করে সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপ-সহকারী পরিচালক সুবিমল চাকমার সমন্বয়ে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

বিসিবি সভাপতির পাশাপাশি পাপন ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এমডি। দুদক জানায়, তার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎ, নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে কর্মরত জামাতা ও অন্যান্য কর্মকর্তার যোগসাজশে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
অনুসন্ধানের স্বার্থে বিসিবির কাছে পূর্বাচলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে পরামর্শক ও ঠিকাদার নিয়োগ, দরপত্র, কার্যাদেশ, চুক্তিপত্র, বিল পরিশোধ, ব্যয় প্রাক্কলন, প্রকল্প অনুমোদন এবং ভূমি অধিগ্রহণসহ সংশ্লিষ্ট সব নথি চাওয়া হয়েছে।
এছাড়া পাপনের দায়িত্বকালে বিসিবির আয়-ব্যয়ের অডিট প্রতিবেদন, আইসিসি ও এসিসির অর্থ প্রাপ্তির তথ্য, বিপিএল আয়োজন, লজিস্টিকস ও প্রটোকল ব্যয়, বিদেশি কোচ নিয়োগ, ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব-১০০’, এ. আর. রহমানের কনসার্ট, বঙ্গবন্ধু বিপিএল, অডিট ফার্ম নিয়োগ এবং সংশ্লিষ্ট আর্থিক নথিও সরবরাহ করতে বলা হয়েছে।
সূত্র: বাসস