‘ওরা আমার জার্সি চাইল, অথচ মাঠে ভালোভাবেই লাথি মেরেছে’– ম্যাচ শেষে মেসির রসিকতা
ছবি: সংগৃহীত
০১:৩৫ পিএম | ০৪ জুলাই, ২০২৬
লিওনেল মেসির প্রতিপক্ষ হতে পারাটাও অনেকের জন্য অবিশ্বাস্য স্বপ্ন। কেপ ভার্দের খেলোয়াড়রাও ব্যতিক্রম নয়। শনিবার (৪ জুলাই) বিশ্বকাপের রাউন্ড অব ৩২–এর ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও প্রতিপক্ষ হিসেবে মেসিকে পেয়ে স্বপ্নপূরন হয়েছে কেপ ভার্দের খেলোয়াড়দের। অবিশ্বাস্য লড়াইয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে গেলেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরেছে কেপ ভার্দে। ম্যাচ শেষে আফ্রিকান দলটির খেলোয়াড়দের সঙ্গে হাসিমুখে ছবি তুলেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচ শেষে মিক্সড জোন দিয়ে যাওয়ার সময় কেপ ভার্দের বেশ কয়েকজন ফুটবলার মেসির সঙ্গে ছবি তোলা এবং স্মারক হিসেবে তার জার্সি চাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। মেসিও কাউকে হতাশ করেননি; সবার অনুরোধই পূরণ করেন। পরে হাসতে হাসতে তিনি বলেন, 'ওরা আমার জার্সি চাইল, সবই চাইল... অথচ মাঠে ওরাই আমাকে ভালোভাবেই লাথি মেরেছে!'

ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়কও ছিলেন মেসিই। প্রথমে গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২০-এ উন্নীত করেন এই ৩৯ বছর বয়সী। এছাড়া লিসান্দ্রো মার্টিনেজের গোল এবং ডিজনির আত্মঘাতী গোল দুটির ক্ষেত্রেই তার ক্রস থেকে সুযোগ তৈরি হয়, যা আর্জেন্টিনার ৩-২ জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ম্যাচ শেষে মেসি বলেন, 'এই দলটি অনেক দিন ধরেই প্রমাণ করে আসছে যে তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। আজ আমরা সেট-পিস থেকে সুযোগ কাজে লাগাতে পেরেছি, যদিও সাম্প্রতিক সময়ে এ দিকটায় সফল হচ্ছিলাম না। এমন ম্যাচে সেট-পিস খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দলে হেডে ভালো খেলতে পারে এবং আকাশে শক্তিশালী এমন অনেক ফুটবলার রয়েছে।'
তিনি আরও যোগ করেন, 'আমরা অনেক দিন ধরেই আক্রমণ ও রক্ষণ দুই দিক থেকেই সেট-পিস নিয়ে কাজ করছি। এমন টুর্নামেন্টে এটি খুবই গুরুত্বপূর্ণ, আর আজ আমরা তার সুফল পেয়েছি।'
তবে জয়ের পরও আত্মসমালোচনা করতে ভোলেননি মেসি। তিনি বলেন, 'আমরা জানতাম ম্যাচটি খুব কঠিন হবে। কারণ আছে যে এই দলটি এর আগে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে হারেনি। আমরা প্রথম গোল করে সবচেয়ে কঠিন কাজটি করেছিলাম এবং ভেবেছিলাম এরপর ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু হয়েছে ঠিক উল্টো। আমরা বলের দখল হারিয়েছি, অনেক নিচে নেমে গেছি এবং কার্যকরভাবে প্রেসিংও করতে পারিনি।'
কষ্টার্জিত এই জয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ষোলো নিশ্চিত করেছে। রাউন্ড অব সিক্সটিনে তাদের প্রতিপক্ষ মিশর। গতরাতে (৩ জুলাই) অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে এই পর্বে উঠেছে মিশর। দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্রের আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
টিএ/