© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্রান্সকে ‘আফ্রিকার দল’ বলে সমালোচনার মুখে প্যারাগুয়ের কিংবদন্তি ফুটবলার

শেয়ার করুন:
ফ্রান্সকে ‘আফ্রিকার দল’ বলে সমালোচনার মুখে প্যারাগুয়ের কিংবদন্তি ফুটবলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৮ পিএম | ০৪ জুলাই, ২০২৬
বিশ্বকাপের শেষ ১৬-এর লড়াই শুরু হচ্ছে আজ (৪ জুলাই) থেকে। বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়ায় দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এই ম্যাচের একদিন আগে বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন প্যারাগুয়ের কিংবদন্তি গোলরক্ষক হোসে লুই চিলাভার্ট। ফ্রান্সের সাবেক ফুটবলার ক্রিস্টফ ডুগেরির মন্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এমন একটি মন্তব্য করেন, যা নতুনভাবে বর্ণবাদের ইস্যুকে উসকে দিয়েছে।

চিলাভার্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘১৯৯৮ বিশ্বকাপে আমরা ফ্রান্সের মুখোমুখি হয়েছিলাম, আর এবার প্যারাগুয়ে আফ্রিকার একটি দলের বিপক্ষে খেলবে।’ ফরাসি দলে থাকা বিভিন্ন জাতিসত্তার খেলোয়াড়দের ইঙ্গিত করেই তিনি এই মন্তব্য করেন, যা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

বিতর্কের সূত্রপাত হয়েছিল ডুগেরির এক সাক্ষাৎকার থেকে। তিনি রেডিও মন্টে কার্লোকে বলেন, ‘প্যারাগুয়েকে উড়িয়ে দেওয়া হবে, অপমান করা হবে। তারা শুধু রক্ষণই করতে চাইবে, কারণ তারা কিছুই করতে পারে না। আমি আবারও বলছি, আক্রমণভাগে তারা ভয়াবহ দুর্বল।’

ডুগেরির এমন অবমাননাকর মন্তব্যের জবাব দিতে গিয়ে চিলাভার্ট স্মরণ করিয়ে দেন ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোর সেই ম্যাচের কথা। নিয়মিত সময় গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ২৩তম মিনিটে লরা ব্লাঁর ঐতিহাসিক ‘গোল্ডেন গোল’-এ ১-০ ব্যবধানে জয় পেয়েছিল ফ্রান্স। সেই আসরেই শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ‘লে ব্লু’রা।

সাম্প্রতিককালে চিলাভার্ট এবারই প্রথম বিতর্কে জড়াননি, কয়েক দিন আগেই তিনি প্যারাগুয়ে জাতীয় দলের কোচ গুস্তাভো আলফারোকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। পাশাপাশি গোলরক্ষক ওরল্যান্ডো গিলেরও সমালোচনা করেন। সেই ঘটনার পর গিলের স্ত্রী প্রকাশ্যে স্বামীর পক্ষে অবস্থান নিয়ে চিলাভার্টের মন্তব্যের কড়া জবাব দেন।

টিকে/

মন্তব্য করুন