পেনাল্টি বক্সে হালান্ডকে নড়াচড়া করতে দেব না: ব্রাজিলিয়ান ডিফেন্ডার
ছবি: সংগৃহীত
০৬:১০ পিএম | ০৪ জুলাই, ২০২৬
বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর নরওয়ে দলের ড্রেসিংরুমে কোচ স্টলে সোলবাকেন এক আবেগপূর্ণ বক্তব্য দেন, যা সরাসরি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির প্রতি একটি বার্তার মতো ছিল। আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর সোলবাকেন দলের বর্তমান ফর্ম নিয়ে প্রশংসা করেন এবং পরবর্তী প্রতিপক্ষ ব্রাজিলকে নিয়ে কিছু মন্তব্য করেন।
আজ ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের ফুল-ব্যাক দগলাস সান্তোস বলেন, নরওয়ে কোচের এই ‘উস্কানি’ তাদের জন্য বাড়তি ‘অনুপ্রেরণা’ হিসেবে কাজ করছে।
দগলাস সান্তোস বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে এই ধরনের মন্তব্য অন্য দলের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়।
গত ম্যাচে তারা দেখেছে আমরা কতটা জেদ নিয়ে খেলেছি। আমরা মাঠের ফুটবল দিয়েই তাদের সব কথার জবাব দিয়েছি।’
অনুপ্রেরণার বিষয়ে এই ফুল-ব্যাক আরও বলেন যে, দলের শক্তির উৎস কেবল মাঠের পারফরম্যান্স নয়। তার ভাষায়, ‘আমাদের এই অনুপ্রেরণা আসে শৈশব থেকে।

আমরা ব্রাজিলিয়ান সাধারণ মানুষের স্বপ্নকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।’
সংবাদ সম্মেলনে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে নিয়েও প্রশ্ন করা হয়, যিনি চলতি বিশ্বকাপে ইতোমধ্যে ৫টি গোল করেছেন। হালান্ড প্রসঙ্গে সান্তোস বলেন, ‘হালান্ড প্রচুর গোল করে, এটা সত্যি। তবে আমরা তার শক্তিকে নস্যাৎ করার চেষ্টা করছি, বিশেষ করে পেনাল্টি বক্সের ভেতর তাকে আটকে রাখার পরিকল্পনা রয়েছে আমাদের।’
এছাড়া তিনি গরম আবহাওয়া নিয়েও কথা বলেন, যার সাথে নরওয়ে অভ্যস্ত নয়। তবে তিনি মনে করেন এটি ব্রাজিলের জন্যও একটি চ্যালেঞ্জ হতে পারে। সান্তোস বলেন, ‘এটি এমন একটি ম্যাচ যেখানে দুই দলকেই গরমের সাথে মানিয়ে নিতে হবে। ব্রাজিলিয়ানরা জন্মসূত্রে গরম আবহাওয়ায় বড় হলেও আমরা এখন সবাই ইউরোপের ঠান্ডা জায়গায় খেলি। তাই আবহাওয়া নিয়ে পড়ে থাকলে চলবে না, মাঠেই সব প্রমাণ করতে হবে।’
এফআর/টিকে