ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে ২ ম্যাচে ৮ কার্ড দেখানো সেই রেফারি
ছবি: সংগৃহীত
০৬:২১ পিএম | ০৪ জুলাই, ২০২৬
রাউন্ড অব বত্রিশের লড়াই শেষে আজ থেকেই শুরু হচ্ছে শেষ ষোলোর দ্বৈরথ। এই পর্বের দ্বিতীয় দিনে আগামীকাল (রোববার) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপীয় শক্তি নরওয়ে। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিকে সামনে রেখে রেফারি প্যানেল ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ম্যাচ পরিচালনার মূল দায়িত্ব পেয়েছেন স্বাগতিক যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাত। অর্থাৎ, মাঠের প্রধান তিন রেফারিই থাকছেন আমেরিকার। ইসমাইল এলফাতের সহকারী (লাইন্সম্যান) হিসেবে থাকবেন তারই দুই স্বদেশী কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স। এছাড়া চতুর্থ অফিসিয়াল হিসেবে হন্ডুরাসের সাইদ মার্টিনেজ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে একই দেশের ওয়াল্টার লোপেজ দায়িত্ব পালন করবেন।

ফুটবল বিশ্বে কড়া মেজাজের রেফারি হিসেবে পরিচিতি রয়েছে ইসমাইল এলফাতের। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত নেদারল্যান্ডস বনাম জাপান এবং উরুগুয়ে বনাম স্পেন-এই দুটি হাই-প্রোফাইল ম্যাচ পরিচালনা করে তিনি একটি লাল কার্ড ও ৭টি হলুদ কার্ড দেখিয়েছেন। ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচটিতেও রেফারির দায়িত্বে ছিলেন এলফাত। তাই নরওয়ের বিপক্ষে বাঁচা-মরার এই লড়াইয়ে তিনি কেমন ভূমিকা রাখেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন ফুটবল ভক্তরা।
ব্রাজিল ও নরওয়ের মধ্যকার এই রোমাঞ্চকর লড়াইয়ের জয়ী দল আগামী ১১ জুলাই মায়ামিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে। কোয়ার্টার ফাইনালের সেই হাই-ভোল্টেজ ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে মেক্সিকো অথবা ইংল্যান্ড।
এমআই/টিকে