টেকনাফে অপহরণ-মানবপাচার রোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত
০৮:০০ পিএম | ০৪ জুলাই, ২০২৬
কক্সবাজারের টেকনাফে অপহরণ, মাদক ও মানবপাচার রোধে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে অপহরণ, মানবপাচারে জড়িতদের তালিকা প্রস্তুত, সহায়তাকারিদের চিহ্নিত করে যৌথ ট্রাস্ক ফোর্সের মাধ্যমে অভিযান চালানো হবে।
শনিবার (৪ জুলাই) সকালে টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
তিনি জানিয়েছেন, টেকনাফ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণ, সাগরপথে মানবপাচারের বিষয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিতে সভায় বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, কোস্ট গার্ড এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় টেকনাফ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এমআই/টিকে