© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুধু আর্জেন্টাইনরাই লিওকে নিয়ে উন্মাদ নয়, পুরো বিশ্বই তার জন্য পাগল: কার্লোস তেভেজ

শেয়ার করুন:
শুধু আর্জেন্টাইনরাই লিওকে নিয়ে উন্মাদ নয়, পুরো বিশ্বই তার জন্য পাগল: কার্লোস তেভেজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২০ পিএম | ০৪ জুলাই, ২০২৬
লিওনেল মেসির বয়স ৩৯ ছুঁয়েছে। ক্যারিয়ারে জিতেছেন প্রায় সবকিছুই। তবুও তার গল্প যেন শেষ হওয়ার নয়। প্রতিটি ম্যাচেই নতুন কোনো ইতিহাস লিখে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা। আর তাই বিশ্বের মানুষ এখনো মেসির জাদুতেই মুগ্ধ বলে মনে করেন আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড কার্লোস তেভেজ।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, ‘মেসিকে দেখে আমরা, বিশেষ করে যারা তার সঙ্গে খেলেছি, এখনো বিস্মিত হই। মনে হয়, তার কাছে সব সময় বলার মতো নতুন একটি গল্প থাকে। এত কিছু অর্জনের পরও তিনি আমাদের আরও নতুন কিছু উপহার দেন।’

তেভেজের মতে, শুধু আর্জেন্টিনার মানুষই নন, পুরো ফুটবলবিশ্বই এখনো মেসির প্রেমে মুগ্ধ।



তিনি বলেন, ‘আমরা আর্জেন্টাইনরা অবশ্যই এটি উপভোগ করছি। তবে শুধু আর্জেন্টাইনরাই লিওকে নিয়ে উন্মাদ নয়, পুরো বিশ্বই তার জন্য পাগল।’

বিশ্বকাপে এবারও দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। এরপর জর্ডানের বিপক্ষেও গোল করে নিজের মোট গোলসংখ্যা দাঁড় করান ১৯-এ।

এ ছাড়া আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকও করেছেন মেসি। এখন পর্যন্ত গোল্ডেন বুটের দৌড়েও সবার সামনে রয়েছেন তিনি।

তেভেজ মনে করেন, আর্জেন্টিনা ভাগ্যবান যে তারা একের পর এক দুই মহাতারকাকে পেয়েছে।

‘আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি। আগে ডিয়েগো ম্যারাডোনাকে পেয়েছি, এরপর পেয়েছি লিও মেসিকে। যেমন ব্রাজিলের জন্য পেলে এবং আরও অনেক কিংবদন্তি আছেন, তেমনি আমাদের কাছে মারাদোনা ও মেসি স্পর্শের ঊর্ধ্বে,’ বলেন তিনি।

২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের স্মৃতিও তুলে আনেন তেভেজ। তার মতে, সেই সাফল্যের ধারাবাহিকতাই বর্তমান দলকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে।

তিনি বলেন, ‘এই দলটি অনেক দিন ধরেই খুব শক্তিশালী। জাতীয় দলে যারা নতুন যোগ দিচ্ছে, তারাও খুব দ্রুত মানিয়ে নিচ্ছে।’

তেভেজের বিশ্বাস, সাম্প্রতিক সাফল্য বর্তমান আর্জেন্টিনা দলকে এগিয়ে রাখবে।

‘দলটি সর্বশেষ বিশ্বকাপ জিতেছে, টানা দুটি কোপা আমেরিকাও জিতেছে। এসব অর্জন তাদের বড় একটি মানসিক সুবিধা দিচ্ছে। আশা করি, তারা সেই সুবিধার সর্বোচ্চ ব্যবহার করতে পারবে,’ বলেন তিনি।

কেএন/টিএ

মন্তব্য করুন