আর্জেন্টিনা-মেসিবিরোধী প্রচারণায় টাকা দিচ্ছে এক প্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত
০১:১৯ এএম | ০৬ জুলাই, ২০২৬
‘ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে?’ — এমন একটা প্রশ্ন খোদ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছে ধেয়ে গিয়েছিল কেপ ভার্দে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটা দাবির প্রেক্ষিতেই এক সাংবাদিক তাকে প্রশ্নটা করেছিলেন।
তবে এবার সে বিষয়েই বেরিয়ে এল চাঞ্চল্যকর একটি তথ্য। সামাজিক মাধ্যম এক্সে একটা দাবি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। দাবিতে বলা হচ্ছে, বিশ্বকাপ চলাকালীন বড় বড় সব ফুটবল অ্যাকাউন্টকে একটি পিআর সংস্থা টাকার বিনিময়ে একটি প্রচারণায় যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিল। সেই প্রচারণার লক্ষ্য ছিল আর্জেন্টিনার বিপক্ষে নেতিবাচক বার্তা ছড়ানো।
এই দাবি তোলা হয়েছে ফুটিজম ও উইনা এফসি নামের দুই ফুটবল বিষয়ক এক্স অ্যাকাউন্ট থেকে। সেখানে জুড়ে দেওয়া হয়েছে একই স্ক্রিনশট। সেখানে দেখা যায় পিআর ৩৬০ ফুটবল কমিউনিকেশন্স নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ই-মেইল এসেছে, যাতে প্রাপককে আহ্বান জানানো হয়েছে ‘ডাকাতি’, ‘রিগড’ ও ‘পক্ষপাতদুষ্ট রেফারিং’ ইত্যাদি শব্দগুচ্ছ ব্যবহার করে নির্দিষ্ট দলের বিরুদ্ধে ক্যাম্পেইনে নামার।
উইনা এফসি জানায়, এই আহ্বান তাদেরও করা হয়েছিল। আর সেখানেই তাদেরকে বলা হয় এসব কথা। তবে তারা জানিয়েছে এই আহ্বানে তারা সাড়া দেয়নি। তাদের পক্ষ থেকে আরও বড় একটি অভিযোগ জানান হয়েছে। তাদের ভাষ্য, ‘একজন বিখ্যাত ফুটবলার মেসি ও আর্জেন্টিনাকে লক্ষ্য করে একটি সমন্বিত গণমাধ্যম প্রচার অভিযান শুরু করেছেন।’

এই দাবি ফুটবল ভক্তদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকে মনে করছেন, এই তথ্যই হয়তো ব্যাখ্যা করে কেন টুর্নামেন্ট জুড়ে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে একই ধরনের আর্জেন্টিনাবিরোধী বার্তা প্রচার হতে দেখা গেছে।
তবে এখন পর্যন্ত সেই স্ক্রিনশটগুলো স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্য কোনো অ্যাকাউন্ট একই ধরনের প্রস্তাব পেয়েছে কিনা, কিংবা এমন কোনো বড় প্রচারণা আদৌ চালানো হয়েছিল কিনা, তারও কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে খোঁজ নিয়ে দেখা গেছে, পিআর ৩৬০ নামের একটি পিআর ফার্মের অস্তিত্ব আসলেই আছে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সে প্রতিষ্ঠানটি এখনও কোনো প্রতিবাদ জানায়নি।
একেএস/টিএ