© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইংল্যান্ডকে উড়িয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

শেয়ার করুন:
ইংল্যান্ডকে উড়িয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩২ এএম | ০৬ জুলাই, ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা থাকলেও লর্ডসে দেখা গেল অস্ট্রেলিয়ার একচ্ছত্র আধিপত্য। ব্যাট ও বল; দুই বিভাগেই দাপট দেখিয়ে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা।

রোববার (৫ জুলাই) ফাইনালে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭.১ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ১০টি আসরের মধ্যে তারা খেলেছে আটটি ফাইনাল, যার সাতটিতেই সফল তারা। অন্যদিকে এই প্রতিযোগিতায় একবার করে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ৯ রান করে ফিরে যান ওপেনার জর্জিয়া ভোল। তবে সেই ধাক্কা দ্রুত সামলে নেন বেথ মুনি ও ফোবে লিচফিল্ড। দ্বিতীয় উইকেটে তাদের ১০০ রানের দুর্দান্ত জুটি ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে এনে দেয়।

লিচফিল্ড ৪৮ রান করে বিদায় নিলেও মুনি নিজের ফিফটি পূরণ করে দলের জয় প্রায় নিশ্চিত করে দেন। ৬৪ রান করে আউট হন এই ওপেনার। শেষদিকে অ্যালিসা পেরি ১৩ ও অ্যাশলে গার্ডনার ৩ রানে অপরাজিত থেকে সহজ জয় নিশ্চিত করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি ইংল্যান্ড। মাত্র ৬ রানে অ্যামি জোনস এবং ৮ রানে ড্যানি ওয়াট ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা।



এরপর ন্যাট সাইভার-ব্রান্ট ও অ্যালিস ক্যাপসি তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন। ক্যাপসি ২৩ রান করে আউট হন, আর হেথার নাইট যোগ করেন মাত্র ২ রান। শেষদিকে সাইভার-ব্রান্ট ও ফ্রেইয়া ক্যাম্পের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ পায় ইংল্যান্ড। সাইভার-ব্রান্ট ৫৮ রানে অপরাজিত থাকেন, আর ক্যাম্প খেলেন ৪৪ রানের কার্যকর ইনিংস।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সমানতালে সাফল্য পান চার বোলার। প্রত্যেকে একটি করে উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেননি। এরপর ব্যাটারদের দাপুটে পারফরম্যান্সেই আরেকটি বিশ্বশিরোপা নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।

একেএস/টিএ

মন্তব্য করুন