বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
০২:৩৬ এএম | ০৬ জুলাই, ২০২৬
বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেল যুক্তরাষ্ট্র। এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে নিয়ে মাঠে নামতে পারবে স্বাগতিকরা। ফিফার এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শেষ ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারানোর পথে লাল কার্ড দেখেছিলেন বালোগুন। ম্যাচ চলাকালে প্রতিপক্ষের ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের ডান গোড়ালিতে পা লাগায় সরাসরি লাল কার্ড দেখানো হয় তাকে। সেই সিদ্ধান্ত অনুযায়ী বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলার সুযোগ হারানোর কথা ছিল এই স্ট্রাইকারের।
তবে রোববার (৫ জুলাই) হঠাৎ করেই অবস্থান বদলায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফা জানায়, শৃঙ্খলা বিধির ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের পরীক্ষামূলক সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।
ফিফা আরও জানিয়েছে, এই এক বছরের মধ্যে একই ধরনের গুরুতর অপরাধ করলে স্থগিতাদেশ বাতিল হবে এবং আগের নিষেধাজ্ঞা কার্যকর হবে। পাশাপাশি নতুন অপরাধের জন্য আলাদা শাস্তিও দেয়া হতে পারে। শৃঙ্খলা বিষয়ক বিচারিক সংস্থার বিধি অনুযায়ী, কোনো শাস্তি আংশিক বা পুরোপুরি স্থগিত রাখার এখতিয়ার তাদের রয়েছে।
ফিফার এই ঘোষণার কিছুক্ষণ পরই ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ‘সঠিক সিদ্ধান্ত নেয়া এবং একটি বড় অন্যায়ের সংশোধন করায় ফিফাকে ধন্যবাদ।’
ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউএস সকারও। এক বিবৃতিতে তারা জানায়, ‘শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি এবং বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে ফোলারিন বালোগুন খেলতে পারবে—এতে আমরা আনন্দিত।’
২৫ বছর বয়সী বালোগুন অবশ্য লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে আগেই নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন। তার মতে, ওই ঘটনার জন্য হলুদ কার্ডই যথেষ্ট ছিল।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ওই পরিস্থিতিতে পা সরানোর কোনো সুযোগ ছিল না। ঘটনাটি অনেকটাই অনিবার্য ছিল। আমি বিভিন্ন মতামত দেখেছি, কিন্তু আমার বিশ্বাস, হলুদ কার্ডই ন্যায্য সিদ্ধান্ত হতো। তবে যা হয়েছে, সেটি মেনে নিয়েই সামনে এগোতে হবে।’
এদিকে যুক্তরাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে ফিফার সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বেলজিয়াম শিবির।
চলতি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন বালোগুন। চার ম্যাচে তিন গোল করার পাশাপাশি দুইবার ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। আর একটি গোল করলেই এক বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পুরুষ ফুটবলারদের সর্বোচ্চ গোলের রেকর্ডে বার্ট প্যাটেনাউডকে স্পর্শ করবেন এই স্ট্রাইকার। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে তিন গোল করেছিলেন প্যাটেনাউড।
অন্যদিকে নারী-পুরুষ মিলিয়ে এক বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখনো সাবেক তারকা মিশেল অ্যাকার্সের দখলে। ১৯৯১ সালের প্রথম নারী বিশ্বকাপে তিনি করেছিলেন ১০ গোল।
একেএস/টিএ