এবার মেসিকে নিয়ে মিসরীয় কোচের খোঁচা
ছবি: সংগৃহীত
০৯:৫৪ পিএম | ০৬ জুলাই, ২০২৬
বিশ্বকাপের শেষ ষোলোর নকআউট ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিশর। নকআউটের এই হাইভোল্টেজ ম্যাচে আলবেসিলেস্তদের একরকম খোঁচাই দিয়ে রাখল মিসর।
লিওনেল মেসিকে নিয়ে একদমই ভাবছেন না বলে মন্তব্য করেছেন মিশরের সহকারী কোচ ইব্রাহিম হাসান। উল্টো নিজেদের দলে ‘২৬ জন মেসি’ আছে বলে হুংকার ছেড়েছেন তিনি।
মিসরীয় টেলিভিশন চ্যানেল ‘সাদা আল-বালাদ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলের সহকারী কোচ ইব্রাহিম হাসান বলেন, ‘তাদের (আর্জেন্টিনা) মেসি থাকতে পারে, কিন্তু আমাদের মোহামেদ সালাহ আছে। আর আমাদের স্কোয়াডে আরো ২৬ জন মেসি আছে। আশা করি, আল্লাহ্ আমাদের পুরস্কৃত করবেন।’

আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে বাড়তি মাতামাতি না করার জন্য খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন এই সহকারী কোচ। তিনি বলেন, ‘আমরা মেসিকে দেখছি না। আমরা খেলোয়াড়দের বলেছি মাঠে নেমে প্রতিপক্ষের দিকে মনোযোগ না দিয়ে নিজেদের খেলাটা খেলতে।’
মেসিকে আটকানোর কোনো বিশেষ পরিকল্পনা আছে কি না; এমন প্রশ্নের জবাবে ইব্রাহিম হাসান সাফ জানিয়ে দেন, ‘মেসির বিপক্ষে খেলা? আমরা এটা নিয়ে ভাবছিই না। আমাদের পুরো মনোযোগ মিসর দলের ওপর। প্রতিপক্ষ মেসি হোক বা অন্য কেউ, আমরা প্রতিটি ম্যাচে লড়াই করতে মাঠে নামি আমাদের সালাহ আছে এবং সেই সঙ্গে একঝাঁক বিশ্বমানের খেলোয়াড় রয়েছে।’
চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে ৩২ দলের রাউন্ডে অস্ট্রেলিয়াকে বিদায় করে শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে ফারাওরা। দলের এই পারফরম্যান্স নিয়ে হাসান বলেন, ‘প্রথম দিন থেকেই আমরা খেলোয়াড়দের বলেছি, আমরা এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি। টুর্নামেন্টের যতদূর সম্ভব এগিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।’
এমআর/টিএ