© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ফুটবলটা চালিয়ে যাও বাবা, আবার বল পায়ে আনন্দ খুঁজে নাও’, নেইমারকে তার বাবা

শেয়ার করুন:
‘ফুটবলটা চালিয়ে যাও বাবা, আবার বল পায়ে আনন্দ খুঁজে নাও’, নেইমারকে তার বাবা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০০ পিএম | ০৭ জুলাই, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রতিক্রিয়া জানাননি নেইমার জুনিয়র। তবে ছেলের নীরবতার মধ্যেই আবেগঘন এক বার্তা দিয়েছেন তার বাবা নেইমার সিনিয়র।

ইনস্টাগ্রামে প্রকাশিত দীর্ঘ পোস্টে তিনি ছেলেকে সমালোচনা ও হতাশা পেছনে ফেলে আবারও ফুটবল উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমারের ভবিষ্যৎ নিয়ে যখন নানা আলোচনা চলছে। ঠিক তখনই বাবার এই বার্তা সমর্থকদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ছেলের দীর্ঘ ক্যারিয়ারের স্মৃতিচারণ করে নেইমার সিনিয়র লিখেছেন, ‘আহ্ ছেলে... কী এক পথচলা! কত সুন্দর, চড়াই-উতরাইয়ে ভরা এক যাত্রা। অনেক সময় বেদনার, কিন্তু দিনশেষে ঈশ্বরের অশেষ আশীর্বাদে ধন্য।’

ছোটবেলায় বল পায়ে স্বপ্ন দেখা নেইমারের মধ্যেই অসাধারণ কিছু দেখেছিলেন, সেটিও তুলে ধরেন তিনি, ‘এই তো সেদিন আমি এক ছেলেকে পায়ে বল নিয়ে স্বপ্ন দেখতে দেখতাম, যে জানতও না ঈশ্বর তাকে কতদূর নিয়ে যাবেন। খুব ছোটবেলাতেই আমি বুঝেছিলাম তোমার মধ্যে ভিন্ন কিছু আছে। এটা শুধু প্রতিভা ছিল না, এটা ছিল একটা মিশন।’



নেইমারের ফুটবলজীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী ছিলেন বলেও উল্লেখ করেন তার বাবা, ‘তোমার প্রথম গোল, প্রথম ট্রফি, পেশাদার ফুটবলে পা রাখা থেকে শুরু করে বিশ্বের বড় বড় স্টেডিয়াম মাতানো, ব্রাজিলের জার্সি গায়ে দেওয়া আর বিশ্বজোড়া স্বীকৃতি; সবকিছুতেই আমি তোমার সঙ্গে কেঁদেছি, প্রার্থনা করেছি এবং আনন্দ উদযাপন করেছি। একজন বাবাকে নিজের পাশে রাখার সুযোগ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’

এরপর ছেলের উদ্দেশে সবচেয়ে আবেগঘন আহ্বান জানান নেইমার সিনিয়র, ‘আজ একজন বাবা হিসেবে তোমার কাছে আমার একটি অনুরোধ; বাবা, তুমি ফুটবল খেলা চালিয়ে যাও। বল পায়ে আবার আনন্দ খুঁজে নাও। মাঠে আবার হাসো। আজ তুমি সুস্থ। ঈশ্বর তোমাকে আবার সেই কাজটা করার সুযোগ দিয়েছেন যা তুমি সবসময় ভালোবেসেছ।’

সমালোচনা বা ব্যর্থতার ভার যেন নেইমরাকে থামিয়ে না দেয়, সেই বার্তাও দিয়েছেন নেইমার সিনিয়, ‘সমালোচনার ভার, প্রত্যাশার চাপ বা জীবনের প্রতিবন্ধকতাগুলোর বোঝা নিজের কাঁধে বয়ে বেড়িয়ো না। আজ নেওয়া কোনো সিদ্ধান্তই তোমার পুরো ইতিহাসকে বদলে দিতে পারে না। কোনো একটা স্বপ্ন পূরণ হয়নি মানেই যে তা মরে গেছে, এমন নয়। গল্পের শেষ কখনোই একটা কঠিন মুহূর্ত দিয়ে নির্ধারিত হয় না। আমাদের জীবনের শেষ অধ্যায়টা ঈশ্বর নিজেই লেখেন।’

বার্তার শেষ অংশে তিনি ছেলেকে নতুন উদ্যমে মাঠে ফেরার আহ্বান জানান তিনি, ‘তাই আগামীকালের ভয় করো না। আজকের দিনটা বাঁচো। অনুশীলন করো, হাসো, ফুটবল খেলো, সন্তানদের জড়িয়ে ধরো, পরিবারকে ভালোবাসো। বয়স বা পরিস্থিতি যা-ই হোক না কেন, সেরাটা ঈশ্বরের ওপরই নির্ভর করে। হয়তো এমন কিছু অধ্যায় বাকি আছে যা তুমি কল্পনাও করোনি। বাবা হিসেবে আমি বিশ্বাস আর প্রার্থনা চালিয়ে যাব। ফুটবলটা হালকা মনে খেলো, মানুষকে আবারও মন্ত্রমুগ্ধ করো।’


এমআই/এসএন  

মন্তব্য করুন