টাইব্রেকারে কলম্বিয়াকে বিদায় করে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত
০৫:৫৮ এএম | ০৮ জুলাই, ২০২৬
নির্ধারিত সময় শেষে, অতিরিক্ত সময়; ১২০ মিনিটের লড়াইয়েও গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে স্নায়ুযুদ্ধে ৪-৩ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সুইজারল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শেষ ষোলোর ম্যাচে বুধবার (৮ জুলাই) বিসি প্লেস ভ্যানকুভারে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। প্রথমার্ধে বলের দখল নিয়ে দুই দলই সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কেউ। ২২ মিনিটে হোর্হে পুয়ের্তার দূরপাল্লার বাঁকানো শট দারুণভাবে ফিরিয়ে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। জবাবে ৩১ মিনিটে রুবিন রিডারের নিচু শট এবং ৩৩ মিনিটে দান এনদোয়ের প্রচেষ্টা ঠেকিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস।
বিরতির পর ম্যাচের গতি আরও বাড়ে। ৪৯ মিনিটে পেনাল্টির জোরালো আবেদন জানায় সুইজারল্যান্ড, তবে রেফারি তাতে সাড়া দেননি। ৫৪ মিনিটে রিডারের ফ্রি-কিক সাইডনেটে আঘাত করলে এক মুহূর্তের জন্য গোল হয়েছে বলে মনে হয়। অন্যদিকে ৬৪ মিনিটে লুইস সুয়ারেসের শট লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় কলম্বিয়া।
ম্যাচের শেষদিকে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ৮৯ ও ৯০ মিনিটে উভয় দলই পেনাল্টির আবেদন করলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। ফলে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য সমতায় শেষ হয়।
অতিরিক্ত সময়ে ম্যাচের সেরা সুযোগগুলো তৈরি করে কলম্বিয়া। ৯৯ মিনিটে হুয়ান কুইন্তেরোর কর্নার থেকে জন লুকুমির হেড ক্রসবারে লেগে ফিরে আসে। দুই মিনিট পর জামিন্তন কাম্পাসের দূরপাল্লার শক্তিশালী শটও দুর্দান্তভাবে রুখে দেন কোবেল। অন্যদিকে ১০৪ মিনিটে বদলি খেলোয়াড় জেকি আমদুনির শট ঠেকিয়ে দেন ভার্গাস। আর ১১৬ মিনিটে সুইস রক্ষণভাগের ভুলে গোলের সুবর্ণ সুযোগ পেয়েও বল বারের ওপর দিয়ে উড়িয়ে মারেন কাম্পাস। ফলে ১২০ মিনিটেও গোলের দেখা না মেলায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম শট থেকেই শুরু হয় নাটকীয়তা। কলম্বিয়ার হয়ে হুয়ান কুইন্তেরো গোল করার পর সুইজারল্যান্ডের গ্রানিত জাকা সমতা ফেরান। দ্বিতীয় শটে কলম্বিয়ার দাভিনসন সানচেসের নেয়া কিক ক্রসবারে লেগে ফিরে আসে। তবে সুইজারল্যান্ডও সেই সুবিধা ধরে রাখতে পারেনি; তৃতীয় শটে মানুয়েল আকাঞ্জির শট বারের ওপর দিয়ে উড়ে যায়।

এরপর কলম্বিয়ার কুচো হার্নান্দেসের শট দারুণভাবে ঠেকিয়ে দেন গ্রেগর কোবেল, যা ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেয়। সুইজারল্যান্ডের সেড্রিক ইত্তেন গোল করলে লুইস দিয়াজও জবাব দেন।
শেষ শট নিতে এগিয়ে আসেন রুবিন ভার্গাস। কোনো ভুল না করে কামিলো ভার্গাসকে ভুল পথে পাঠিয়ে জয়সূচক গোল করেন তিনি। ৪-৩ ব্যবধানে টাইব্রেকারে জয় নিশ্চিত করে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সুইজারল্যান্ড।
শেষ বাঁশির পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সুইস ফুটবলাররা। গোলরক্ষক গ্রেগর কোবেল ও জয়সূচক গোলদাতা রুবিন ভার্গাসকে ঘিরে আনন্দে মেতে ওঠে পুরো দল। অন্যদিকে শেষ পেনাল্টিতে ভুল পথে ঝাঁপ দিয়ে গোললাইনেই হতাশ হয়ে বসে পড়েন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস।
এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। আর দারুণ লড়াই করেও টাইব্রেকারের হতাশা নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো কলম্বিয়াকে।
একেএস/টিএ