‘লিও আমাদের শেখায় কীভাবে লড়াই করতে হয়’: মেসির নেতৃত্বের প্রশংসায় এনজো
ছবি: সংগৃহীত
০৬:২৯ এএম | ০৮ জুলাই, ২০২৬
বিশ্বকাপের নকআউট পর্বে আরও একটি কঠিন ও অগ্নিপরীক্ষার ম্যাচে নিজেদের শক্তিমত্তা এবং কেন তারা বিশ্বচ্যাম্পিয়ন, তা প্রমাণ করল আর্জেন্টিনা।
মিসরের বিপক্ষে শেষ ১৬-এর ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানের জয় ছিনিয়ে নিয়েছে লিওনেল স্কালোনির দল।
আর এই মহাকাব্যিক প্রত্যাবর্তনের নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক লিওনেল মেসি এবং ম্যাচ জয়ী গোল করা তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেস।
ম্যাচে আর্জেন্টিনার প্রথম গোলটিতে অ্যাসিস্ট করার পর নিজেই গোল করে দলকে ২-২ সমতায় ফেরান মেসি।
আর একদম শেষ মুহূর্তে (৯২ মিনিটে) আর্জেন্টিনার জয়সূচক গোলটি করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন এনজো। ম্যাচ শেষে কেবল মাঠের পারফরম্যান্সেই নয়, অধিনায়ক লিওনেল মেসির অনন্য নেতৃত্ব ও সতীর্থদের প্রতি তার প্রভাব নিয়ে আবেগঘন প্রশংসা করেছেন এই আর্জেন্টাইন ত্রাতা।
এনজো অধিনায়কের লড়াকু মানসিকতার প্রশংসা করে বলেন, 'আমাদের দলের মূল বৈশিষ্ট্য হলো সাহস ও বীরত্ব। আর আমরা যখন লিওর (মেসি) দিকে তাকাই, সে-ই আমাদের জন্য সবচেয়ে বড় উদাহরণ।
কারণ ও কখনো হাল ছাড়ে না এবং সবসময় লড়াই চালিয়ে যায়।'

মেসি কীভাবে পুরো দলকে উজ্জীবিত করেন, তা উল্লেখ করে এনজো আরও যোগ করেন, 'সে আমাদের দেখায় যে যেকোনো পরিস্থিতি থেকেই ফিরে আসা সম্ভব, সামনে এগিয়ে যাওয়া সম্ভব। আর আজকের এই জয় আমাদের সবার সেই বিশ্বাসের এক বড় পুরস্কার।'
মিসরের রূপকথা থামিয়ে শেষ আট নিশ্চিত করার পর আর্জেন্টিনা এখন কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষের জন্য অপেক্ষায় রয়েছে। কলম্বিয়া ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
একেএস/টিএ