মেসি ও আর্জেন্টিনার লড়াকু মনোভাব দেখে মুগ্ধ ব্রাজিলের রিভালদো
ছবি: সংগৃহীত
০৯:৩১ এএম | ০৮ জুলাই, ২০২৬
ফুটবল বিশ্বে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ চিরন্তন। তবে মাঠের সেই চিরবৈরিতা ও মাঠের বাইরের চিরপ্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং তাদের অধিনায়ক লিওনেল মেসির প্রশংসায় মেতেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি রিভালদো।
মঙ্গলবার শেষ ১৬-এর ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয় ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই ফরোয়ার্ডের মন জয় করে নিয়েছে।
আটলান্টার এই রোমাঞ্চকর ম্যাচের ঠিক দুই দিন আগেই নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে রিভালদোর নিজের দেশ ব্রাজিল।

তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিদায়ের বেদনার মাঝেও আর্জেন্টিনার এমন লড়াকু ফুটবল দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্ট করেছেন ৫৪ বছর বয়সী এই সাবেক বার্সেলোনা তারকা।
আর্জেন্টিনার খেলোয়াড়দের নিবেদন দেখে মুগ্ধ রিভালদো লেখেন, ‘কী দুর্দান্ত লড়াকু মানসিকতা, জয়ের কী অদম্য ইচ্ছা, আর মাঠে সবার কী অসাধারণ লড়াই ও উৎসর্গ! বিশ্বকাপে প্রতিটি ফুটবলপ্রেমী মাঠের খেলোয়াড়দের কাছ থেকে ঠিক এমন পারফরম্যান্সই আশা করে।
আমি একজন ব্রাজিলিয়ান, আমি আমার দেশকে ভালোবাসি এবং সবসময় সেলেসাওদেরই সমর্থন করব। ফুটবল দ্বৈরথ খেলারই একটা অংশ, তবে মাঠে যখন কোনো দল নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে এমন একটি দুর্দান্ত ম্যাচ উপহার দেয়, তখন সেই দলের প্রশংসা করতে জানাটাও জরুরি।
’
প্রথমার্ধে পেনাল্টি মিস করার ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে চোখ ধাঁধানো এক গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান মেসি। এটি চলতি বিশ্বকাপে তার ৮ম এবং বিশ্বমঞ্চে সর্বকালের রেকর্ড ২১তম গোল। ৩৯ বছর বয়সে এসেও মেসির এমন পারফরম্যান্স নিয়ে রিভালদো বলেন, ‘মেসিকে নিয়ে নতুন করে কিছু বলা মানে চেনা বিষয়কেই নতুন করে বলা। কী অসাধারণ একজন খেলোয়াড়! ৩৯ বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেও আর্জেন্টিনার জার্সির প্রতি তার সেই একই রকম আবেগ, একই রকম ভালোবাসা: একসঙ্গে উদযাপন করা, লড়াই করা, ম্যাচ শেষে কেঁদে ফেলা এবং আবারও দলের ত্রাতা হয়ে ওঠা; সত্যিই অনন্য।’
ম্যাচ শেষে মেসির অশ্রুসিক্ত চোখের একটি ছবি পোস্টের সঙ্গে যুক্ত করে পুরো আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে রিভালদো তার বার্তা শেষ করেন এভাবে, ‘এই ধরনের ম্যাচগুলো ফুটবলকে সমৃদ্ধ করে এবং এগুলোই বিশ্বকাপের আসল সৌন্দর্য। কোয়ার্টার ফাইনাল বা শেষ আটে পা রাখার জন্য আর্জেন্টিনাকে অনেক অভিনন্দন।’
রিভালদোর এই উদারতা ও খোলামনে প্রশংসা চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ফুটবল সমর্থকদের মাঝে এক অনন্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এখন সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছে।
এফআর/এস এন