ফ্রান্স-মরক্কো ম্যাচে পাঁচ আর্জেন্টাইন রেফারি
ছবি: সংগৃহীত
১২:৪৮ পিএম | ০৮ জুলাই, ২০২৬
বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক যেন থামছেই না। আর্জেন্টিনা–মিশর ম্যাচের রেশ কাটতে না কাটতেই এবার আলোচনায় উঠে এসেছে ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনালের রেফারি প্যানেল। ম্যাচটির জন্য পাঁচজন আর্জেন্টাইন ম্যাচ কর্মকর্তাকে দায়িত্ব দেয়ায় সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেক ফুটবল সমর্থক।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে ফিফা আসন্ন ফ্রান্স–মরক্কো ম্যাচের অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে। এরপর থেকেই এক্স (সাবেক টুইটার) জুড়ে শুরু হয় আলোচনা। অনেকেই আর্জেন্টিনা–মিশর ম্যাচের রেফারিদের তালিকার সঙ্গে নতুন তালিকার তুলনা টেনে বিতর্কের ইঙ্গিত দেন।
এর আগে আর্জেন্টিনা ও মিশরের শেষ ষোলোর ম্যাচে প্রধান রেফারি ছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে। তার সঙ্গে দুই সহকারী রেফারি সাইরিল মুগনিয়ের ও মেহদি রাহমুনিও ছিলেন ফরাসি। সেই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। তবে মিশর অভিযোগ করেছে, একাধিক বিতর্কিত সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে এবং রেফারির ভূমিকা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। এ নিয়ে তারা ফিফার কাছেও আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে।

এবার ফ্রান্স–মরক্কো ম্যাচে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্জেন্টিনার ফাকুন্দো টেল্লো। তার সহকারী হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল শাদে। চতুর্থ কর্মকর্তা দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী ক্রিস্টিয়ান নাভারো—দুজনও আর্জেন্টিনার।
সবকিছু মিলিয়ে রেফারি নিয়োগের এই সিদ্ধান্ত নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত ২টায় বোস্টনে হবে বহুল প্রতীক্ষিত ফ্রান্স–মরক্কো কোয়ার্টার ফাইনাল।
কেএন/এসএন