বিশ্বকাপ থেকে বিদায়ের পর মেক্সিকোর নতুন কোচ নিয়োগ
ছবি: সংগৃহীত
০৯:৪০ এএম | ০৯ জুলাই, ২০২৬
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে স্বাগতিক মেক্সিকো। এই হতাশাকর বিদায়ের পর দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান হাভিয়ের আগুয়েরে। তার শূন্য পদে জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মেক্সিকোর ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা রাফায়েল মার্কুইজ।
'এল কাইজার' খ্যাত ৪৭ বছর বয়সী এই সাবেক তারকাকে অনেকেই মেক্সিকোর সর্বকালের সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচনা করে থাকেন। বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ এবং লা লিগা শিরোপা জয়ের দারুণ কীর্তি রয়েছে মার্কুইজের। এখন কোচ হিসেবে দেশের মাটিতে মেক্সিকো দলকে নতুন পথ দেখানোর দায়িত্ব তার কাঁধে।
আরআই/ এসএন