© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসিকে পেছনে ফেলে আবারও গোল্ডেন বুটের শীর্ষে এমবাপ্পে

শেয়ার করুন:
মেসিকে পেছনে ফেলে আবারও গোল্ডেন বুটের শীর্ষে এমবাপ্পে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২০ পিএম | ১০ জুলাই, ২০২৬
বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে আবারও শীর্ষস্থান নিজের করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল করে লিওনেল মেসির সমান ৮ গোল করলেও অ্যাসিস্টে এগিয়ে থাকায় সবার ওপরে উঠে এসেছেন ফরাসি এই তারকা।

শুক্রবার (১০ জুলাই) বোস্টনে কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারায় ফ্রান্স। ম্যাচের ২৮তম মিনিটে পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো তার শট ঠেকিয়ে দেন।

তবে দ্বিতীয়ার্ধে নিজের ভুল শুধরে নেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। ৬০তম মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে ভেতরে ঢুকে দুর্দান্ত কার্লিং শটে জাল খুঁজে নেন তিনি। ছয় মিনিট পর উসমান দেম্বেলের গোল ফ্রান্সের জয় নিশ্চিত করে। যেখানে আবার অ্যাসিস্ট করে অবদান রাখেন এমবাপ্পে।

এদিকে মরক্কোর বিপক্ষে গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮-এ। সমান ৮ গোল রয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিরও। তবে অ্যাসিস্টের হিসেবে এমবাপ্পে এগিয়ে। ফরাসি তারকার ঝুলিতে রয়েছে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট, যেখানে মেসির রয়েছে ৮ গোল ও ১ অ্যাসিস্ট। সেই কারণেই গোল্ডেন বুটের দৌড়ে আবারও শীর্ষস্থান দখল করেছেন এমবাপ্পে।

গোল্ডেন বুটের লড়াইয়ে তৃতীয় স্থানে রয়েছেন নরওয়ের আর্লিং হলান্ড। তার গোলসংখ্যা ৭। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নিজের গোলসংখ্যা বাড়ানোর সুযোগ থাকবে হলান্ডের। পরের দিন সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন মেসিও, ফলে গোল্ডেন বুটের প্রতিযোগিতা আরও জমে উঠেছে।

এদিকে মরক্কোর বিপক্ষে গোল করে আরেকটি বড় মাইলফলক স্পর্শ করেছেন এমবাপ্পে। বিশ্বকাপে এখন তার গোলসংখ্যা ২০, যা এসেছে মাত্র ২০ ম্যাচে। সর্বকালের বিশ্বকাপ গোলদাতার তালিকায় তিনি এখন লিওনেল মেসির (২১ গোল) ঠিক এক গোল পিছিয়ে। ছয়টি বিশ্বকাপ মিলিয়ে ৩১ ম্যাচে ২১ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন মেসি, যিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের পুরোনো রেকর্ড ভেঙেছিলেন।

সেমিফাইনালে ফ্রান্স ও আর্জেন্টিনা উভয় দলই জিতলে, বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার গোল্ডেন বুটের লড়াই আরও রোমাঞ্চকর হয়ে উঠবে।

কেএন/এসএন

মন্তব্য করুন