বিশ্বকাপে বেলজিয়ামই এখন পর্যন্ত সবচেয়ে কঠিন প্রতিপক্ষ: স্প্যানিশ কোচ
ছবি: সংগৃহীত
০৮:৪৩ পিএম | ১০ জুলাই, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোল না হজম করেই কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। তবে শেষ আটের লড়াইয়ে বেলজিয়ামই তাদের সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলবে বলে মনে করছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেন, টুর্নামেন্টে এ পর্যন্ত যত প্রতিপক্ষের মুখোমুখি হয়েছেন, তাদের মধ্যে বেলজিয়ামই সবচেয়ে শক্তিশালী।
দে লা ফুয়েন্তে বলেন, এই ম্যাচই হবে এখন পর্যন্ত আমাদের সবচেয়ে কঠিন পরীক্ষা। বেলজিয়াম খুবই শক্তিশালী দল। তাদের দলে এমন অনেক ফুটবলার আছেন, যারা ইউরোপের বড় বড় ক্লাবে খেলে এবং নিয়মিত শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে। তাই এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।
বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন শেষ ষোলোতে প্রতিবেশী পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। বলের দখল, সংগঠিত রক্ষণ এবং কার্যকর আক্রমণ, সব মিলিয়ে ধীরে ধীরে নিজেদের সেরা ছন্দে ফিরেছে স্প্যানিশরা।
এদিকে, প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে জয় নিশ্চিত করে বর্তমান রানার্সআপরা। ফলে স্পেন-বেলজিয়াম ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্সের।
তবে সম্ভাব্য সেমিফাইনাল নিয়ে ভাবতে রাজি নন স্পেন কোচ। বলেন, আমি ফ্রান্সের ম্যাচ দেখেছি। তারা ভালো খেলেছে এবং জয়ের যোগ্য ছিল। কিন্তু বিশ্বাস করুন, এই মুহূর্তে আমাদের পুরো মনোযোগ শুধু বেলজিয়ামকে নিয়েই।
স্পেনের আক্রমণের বড় ভরসা থাকবেন ১৮ বছর বয়সী তরুণ তারকা লামিন ইয়ামাল। এবারের আসরে ইতোমধ্যেই চার গোল করা মিকেল ওইয়ারজাবালও হতে পারেন এক্স-ফ্যাক্টর। যদিও বিশ্বকাপে এখন পর্যন্ত ইয়ামালের গোল মাত্র একটি। গোলদাতার তালিকায় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে আটটি করে গোল নিয়ে এগিয়ে থাকলেও, ইয়ামালের ওপর পূর্ণ আস্থা রয়েছে দে লা ফুয়েন্তের।
তিনি বলেন, আমি নিশ্চিত, আক্রমণে লামিন তার সামর্থ্য দেখাবে। পর্তুগালের বিপক্ষে শুধু আক্রমণেই নয়, রক্ষণেও সে দারুণ দায়িত্বশীল ছিল। বয়সের তুলনায় তার পরিণত মানসিকতা আমাকে মুগ্ধ করেছে।
স্পেন কোচের মতে, তাদের সাফল্যের মূল রহস্য কোনো একক তারকা নন, বরং পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা। এ বিষয়ে রোমান সম্রাট মার্কাস অরেলিয়াসের একটি বিখ্যাত উক্তি তুলে ধরে তিনি বলেন, মৌচাকের জন্য যা ক্ষতিকর, তা মৌমাছির জন্যও ক্ষতিকর।
কোচের এই মন্তব্যে বোঝা যায়, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের স্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্প্যানিশ ফুটবলাররা।
টিকে/