© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইংল্যান্ড ডিফেন্ডারের দুই ম্যাচের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ফিফার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ

শেয়ার করুন:
ইংল্যান্ড ডিফেন্ডারের দুই ম্যাচের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ফিফার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৯ পিএম | ১০ জুলাই, ২০২৬
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে নতুন এক বিতর্কে সরব হয়েছে ইংল্যান্ড। লিভারপুলের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসার দুই ম্যাচের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ফিফার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ উঠেছে। শুধু ইংল্যান্ড দলের ভেতরেই নয়, সমালোচনায় মুখর হয়েছেন কয়েকজন সাবেক আন্তর্জাতিক রেফারিও।

নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে কোয়ানসাকে পাচ্ছেন না ইংল্যান্ড কোচ টমাস টুখেল। ইংল্যান্ড সেমিফাইনালে উঠলেও সেখানে খেলার সুযোগ থাকবে না এই ডিফেন্ডারের। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ফুটবলার ও সংশ্লিষ্টরা প্রশ্ন তুলছেন, একই ধরনের অপরাধের জন্য কেন ভিন্ন ভিন্ন শাস্তি দেওয়া হচ্ছে।

বিতর্কের কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের ঘটনা। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখলেও তার নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়। ফলে তিনি বেলজিয়ামের বিপক্ষে নকআউট ম্যাচে খেলতে পারেন। সেই সিদ্ধান্ত নিয়ে বেলজিয়ামও আপত্তি জানিয়েছিল, তবে তা গ্রহণ করা হয়নি।

অন্যদিকে মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে গুরুতর ফাউলের দায়ে লাল কার্ড দেখেন কোয়ানসা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পরামর্শে তাকে মাঠ থেকে বের করে দেন ম্যাচ রেফারি। পরে ফিফার শৃঙ্খলা কমিটি তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, এই শাস্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আপিল করার সুযোগও নেই।

এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক ফিফা রেফারি জোনাস এরিকসন। সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি বলেন, 'রেফারিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো ধারাবাহিকতা। একই ধরনের অপরাধে একজন ফুটবলার যে শাস্তি পায়, অন্যজনের ক্ষেত্রেও সেটিই হওয়া উচিত। কিন্তু বালোগুন ও কোয়ানসার ঘটনায় সেটি দেখা যাচ্ছে না। একই ধরনের ঘটনাকে দুইভাবে মূল্যায়ন করা হচ্ছে কেন, তা আমার বোধগম্য নয়।'

আরও কঠোর ভাষায় সমালোচনা করেছেন প্রিমিয়ার লিগের সাবেক রেফারি কিথ হ্যাকেট। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, 'বালোগুনের শাস্তি স্থগিত করে ফিফা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বাইরের প্রভাব এখানে কাজ করেছে বলে মনে হচ্ছে। দুই খেলোয়াড়ই গুরুতর ফাউল করেছে এবং দু’জনের ক্ষেত্রেই লাল কার্ড যথাযথ সিদ্ধান্ত ছিল।'

তবে বিতর্কে বেশি সময় নষ্ট করতে চাইছে না ইংল্যান্ড শিবির। নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে কোয়ানসাকে ছাড়াই দল সাজানোর প্রস্তুতি নিচ্ছেন টুখেল। দলের হতাশার কথা স্বীকার করেছেন বুকায়ো সাকা। তিনি বলেন, 'কোয়ানসা দুই ম্যাচ খেলতে পারবে না, এটা জানার পর আমরা সবাই হতাশ হয়েছি। কিন্তু এটাই বাস্তবতা। আমরা অভিযোগ করে সময় নষ্ট করতে চাই না। এখন এমন একটি দল গঠন করতে হবে, যারা নরওয়েকে হারাতে সক্ষম।'

টিকে/

মন্তব্য করুন