© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি মানুষের হাতে মোমবাতি-হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

শেয়ার করুন:
বিএনপি মানুষের হাতে মোমবাতি-হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৪ এএম | ১১ জুলাই, ২০২৬
বিদ্যুৎ সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 'বিএনপি সরকার মানুষের হাতে মোমবাতি আর হারিকেন ধরিয়ে দিয়েছে। তাদের আমলে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, আর এখন মাঝে মাঝে আসে। বিদ্যুতের পরিবর্তে জনগণ পেয়েছে হারিকেন আর মোমবাতি।'

শুক্রবার (১০ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা শহরে এনসিপি আয়োজিত গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার মতো ৫ দফা দাবিতে 'জুলাই পদযাত্রা' ও পথসভা অনুষ্ঠানে তিন এ কথা বলেন। পৌর বাজার থেকে পদযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নোয়াখালী সুপার মার্কেটের সামনে এক বিশাল পথসভায় মিলিত হয়।

হাসনাত আব্দুল্লাহ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সমালোচনা করে বলেন, 'বিদ্যুৎ মন্ত্রী সংসদে দাঁড়িয়ে অসত্য বক্তব্য দিচ্ছেন যে দেশে কোনো লোডশেডিং নেই। আমরা মন্ত্রীকে বলতে চাই- আপনার কথা সত্য, তবে তা কেবল আপনার বাসায় ও অফিসে। জনগণ এই প্রহসন চায় না, তারা লোডশেডিংমুক্ত বাংলাদেশ চায়।'

জাতীয় নির্বাচন ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, '২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালেও ভোট চুরি হয়েছে, তবে তা ছিল ফল প্রকাশের আগে। আর এবার আমরা দেখলাম ফল প্রকাশের পরে ভোট চুরি হয়েছে। আগে দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে ছিল, কিন্তু নির্বাচনের পরে বিএনপি এই ভোট চুরি করেছে।'

তরুণ প্রজন্মের শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, 'প্রিয় বিএনপি, মনে রাখবেন, এই তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে যদি মনে করেন দেশ সুপথে পরিচালিত করছেন কিংবা জনগণের বিপক্ষে গিয়ে সংস্কার করবেন, তাহলে ভুল ভাবছেন। আপনারা বলেছিলেন ১ কোটি কর্মসংস্থান নিশ্চিত করবেন। কিন্তু গত ৬ মাসে ১টিও নতুন কর্মসংস্থান তৈরি করতে পারেন নাই। অত্যন্ত পরিতাপের বিষয়, গত ৬ মাসে কর্মসংস্থানের কোনো সার্কুলারই দেখা যাচ্ছে না।'

পথসভায় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী অঞ্চলের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।

তিনি বলেন, 'নোয়াখালী অঞ্চলে নির্বাচিত সকল এমপিকে দল-মত নির্বিশেষে একসঙ্গে জাতীয় সংসদে নোয়াখালী বিভাগ চাওয়ার দাবি উপস্থাপন করতে হবে। সংসদে একাকী লড়াই না করে, সবাই মিলে এই সরকারের আমলেই আমরা নোয়াখালী বিভাগ আদায় করতে চাই। হাতিয়াসহ নোয়াখালীর বিস্তীর্ণ অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। আমরা এই নদীভাঙনের অভিশাপ থেকে একসঙ্গে মুক্তি চাই।'

তিনি আরও বলেন, 'সারা বাংলাদেশে যেভাবে আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে, সীমান্তে পুশ-ইন করা হচ্ছে এবং নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে, তার বিরুদ্ধে দেশের মানুষকে নিয়ে ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করব।'

পদযাত্রা ও পথসভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

আরআই/টিএ

মন্তব্য করুন