© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘দ্য ওডিসি’র প্রচারণায় ভারতে ক্রিস্টোফার নোলান

শেয়ার করুন:
‘দ্য ওডিসি’র প্রচারণায় ভারতে ক্রিস্টোফার নোলান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪২ পিএম | ১১ জুলাই, ২০২৬
বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’-এর প্রচারণায় প্রথমবারের মতো ভারতে এলেন অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান। শুক্রবার (১০ জুলাই) মুম্বাইয়ে আয়োজিত ছবিটির বিশেষ প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন হলিউড তারকা টম হল্যান্ড ও ম্যাট ডেমন।

ছবির প্রদর্শনী শেষে ভারতীয় দর্শকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় মুগ্ধ হন নোলান। মঞ্চে উঠে তিনি বলেন, ভারত বিশ্বের অন্যতম প্রাণবন্ত এবং চলচ্চিত্র সম্পর্কে সবচেয়ে সচেতন দর্শকদের দেশ।

নোলানের ভাষায়, ভারতীয় দর্শকরা বিশ্বের সবচেয়ে জ্ঞানী সিনেমাপ্রেমীদের মধ্যে অন্যতম।

তিনি আরো বলেন, ভারতীয় দর্শকদের সামনে তাঁর নতুন সিনেমার বিশেষ প্রদর্শনী করতে পেরে তিনি আনন্দিত। কারণ, ‘দ্য ওডিসি’ প্রথমবারের মতো মুম্বাইয়ের দর্শকদের সামনেই প্রদর্শিত হয়েছে এবং তাঁদের প্রতিক্রিয়া তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারতের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথাও স্মরণ করেন তিনি। নোলান জানান, এর আগে দুইবার ভারতে শুটিং করেছেন—একবার রাজস্থানের জোধপুরে এবং আরেকবার মুম্বাইয়ে।



সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিবারই ভারতে এলে এক আলাদা অনুভূতি হয়।

প্রদর্শনী শেষে দর্শকদের উদ্দেশে ছবিটি কেমন লেগেছে জানতে চান নোলান। জবাবে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো প্রেক্ষাগৃহ।

নোলানের পর অভিনেতা টম হল্যান্ডও ভারতীয় দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, ভারতের মতো এত প্রাণবন্ত দর্শক আমি খুব কমই দেখেছি। আপনাদের মতো এনার্জি আর কোথাও পাইনি।

হলিউড অভিনেতা ম্যাট ডেমনও ভারতীয় দর্শকদের আন্তরিক অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ভাষায়, এই অভিজ্ঞতা তাঁদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

গ্রিক কবি হোমারের কালজয়ী মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’-তে ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। ছবিতে আরও রয়েছেন টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেনডায়া, লুপিটা নিয়ঙ্গ'ও এবং শার্লিজ থেরনের মতো তারকারা।

বিশ্বের বিভিন্ন দেশে আইম্যাক্স প্রযুক্তিতে নির্মিত এই সিনেমাটি মুক্তির আগেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে। দর্শক ও সমালোচকদের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে থাকা ‘দ্য ওডিসি’-কে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যেই চলছে ব্যাপক আলোচনা।

কেএন/টিকে

মন্তব্য করুন