১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত
০২:১২ পিএম | ১২ জুলাই, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এবং সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম সংক্রান্ত তথ্য-চিত্র প্রদর্শন, গল্প নয় সত্যি: সফল স্টার্টআপের অভিজ্ঞতা বিনিময়, স্টার্টআপ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের মুক্ত আলোচনা ও নির্বাচিত স্টার্টআপের নিকট অনুদানের চেক হস্তান্তর করা হবে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হবে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্’ যা উদ্যোক্তাদের জন্য একটি জাতীয় ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে একজন উদ্যোক্তা প্রয়োজনীয় তথ্য, সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সেবাগুলো একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সহজে জানতে ও গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি পাবে, সেবাপ্রাপ্তি সহজ হবে এবং একটি কার্যকর জাতীয় স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো.মামুনুর রশীদ ভূঞা সূচনা বক্তব্য দেবেন। অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান স্বাগত বক্তব্য দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করবেন।
তরুণদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তব উদ্যোগে রূপ দেয়া, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি নির্মাণের লক্ষ্যে বর্তমান সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সমন্বিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। একই সঙ্গে প্রাথমিক আইডিয়া থেকে শুরু করে উদ্যোক্তা উন্নয়ন, অনুদান, মেন্টরিং, প্রশিক্ষণ, অর্থায়ন, বিনিয়োগ সংযোগ এবং ব্যবসা সম্প্রসারণ তথা একজন উদ্যোক্তার পুরো যাত্রাপথে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার মাধ্যমে একটি সমন্বিত জাতীয় স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত রূপান্তরের লক্ষ্যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬-এ স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেয়া হয়েছে। সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে।
উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
এমআর/টিএ