২৪ বছরের সংসার ভাঙার কারণ জানালেন সোহেল খান
ছবি: সংগৃহীত
০৯:৪৬ পিএম | ১২ জুলাই, ২০২৬
দীর্ঘ ২৪ বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের পথে হাঁটেন বলিউড অভিনেতা ও প্রযোজক সোহেল খান ও সীমা সাজদেহ। কয়েদিন আগে সোহেল জানান, তাদের সম্পর্কে যদি কোনো ভুল হয়ে থাকে, তবে সেই দায় তিনি নিজের কাঁধেই নিতে চান। এবার প্রথমবারের মতো সাবেক স্ত্রী সীমার সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন সোহেল খান।
রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’–এর সর্বশেষ পর্বে তিনি স্বীকার করেন, নিজের আচরণই তাদের সম্পর্ক ভাঙার অন্যতম কারণ ছিল।
শোতে সীমার প্রবেশের পর উপস্থাপক নিখিল চিনাপ্পা সোহেলকে প্রশ্ন করেন, একজন নারী যেমন সংসার গড়তে পারেন, তেমনি ভাঙতেও পারেন। আপনার সংসার ভাঙার জন্য কে দায়ী?

জবাবে সোহেল বলেন, ‘সেই সময় আমার কাজ ভালো চলছিল না। মানসিকভাবে আমি ভালো অবস্থায় ছিলাম না। আমার আচরণের কারণেই আমি এমন একজন মানুষকে হারিয়েছি, যাকে সত্যিই ভালোবাসতাম।’
সীমার প্রশংসা করে সোহেল বলেন, ‘সে আমার দুই সুন্দর সন্তানের মা। তাই ভালোবাসার চেয়েও আমি তাকে অনেক বেশি শ্রদ্ধা করি। এই শো আমার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে। আমরা আলাদা হয়ে গেলেও এই অনুষ্ঠান আমাদের আবার কথা বলার এবং একে অপরের সঙ্গে মন খুলে কথা বলার সুযোগ করে দিয়েছে। আমাদের মধ্যে যে সংযোগটা হারিয়ে গিয়েছিল, সেটাই যেন আবার ফিরে এসেছে।’
শোতে আরেক প্রতিযোগী জায়েদ দরবারের সঙ্গে আলাপচারিতায় সোহেল জানান, তাদের দুই ছেলে বর্তমানে তার সঙ্গেই থাকে। সীমা সপ্তাহে তিন দিন তাদের দেখতে সোহেলের বাড়িতে যান। এমনকি এখনও তার কাছে ওই বাড়ির একটি চাবিও রয়েছে।
১৯৯৮ সালে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছিলেন সোহেল খান ও সীমা সাজদেহ। প্রথমে আর্য সমাজ রীতিতে এবং পরে ইসলামি রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। সংসারে তাদের দুই ছেলে— নির্ভান ও ইওহান।
দীর্ঘ ২৪ বছরের দাম্পত্য জীবনের পর ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি। এরপরও সন্তানদের যৌথভাবে লালন-পালন করছেন তারা এবং পারস্পরিক সম্মান বজায় রেখে সম্পর্ক এগিয়ে নিচ্ছেন।
সূত্র: এনডিটিভি