‘রেফারি ছিল আর্জেন্টিনার ১২তম খেলোয়াড়’- দাবি আরজে নিরবের
ছবি: সংগৃহীত
১০:৩২ পিএম | ১২ জুলাই, ২০২৬
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতপ্রকাশ করেছেন জনপ্রিয় রেডিও জকি আরজে নিরব। ম্যাচটিতে সুইজারল্যান্ডের নিশ্চিত জয় থেকে আর্জেন্টিনাকে বাঁচাতে রেফারি পক্ষপাতমূলক আচরণ করেছেন বলে দাবি করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরজে নিরব উল্লেখ করেন, সুইজারল্যান্ড যেভাবে আর্জেন্টিনাকে চাপে রেখে খেলছিল, তাতে ফ্রি-কিক দেওয়াটাই যুক্তিযুক্ত ছিল। কিন্তু ফিফার কমিটির পছন্দের দল আর্জেন্টিনাকে বাঁচাতে রেফারি সঠিক সময়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেন। রেফারিকে মাঠের ১২তম খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করে তিনি অভিযোগ করেন, ১০ জনের দলে পরিণত হওয়ার পরও সুইজারল্যান্ড যেভাবে আর্জেন্টিনার বিপক্ষে বীরত্বের সঙ্গে লড়েছে, তা প্রশংসনীয়।
পোস্টে তিনি আর্জেন্টিনাকে খোঁচা দিয়ে লেখেন, ‘এদের আসলেই সবগুলো কে লাল কার্ড দিয়ে বের করে দেয়া উচিত, কত বড় সাহস - আর্জেন্টিনার খেলোয়াড়দের নিয়ে খেলে, বল দেয় না! কি বলেন ভাই লোক?’
এরপর গত কয়েক দিনের মধ্যে এটিই তার করা একমাত্র পোস্ট উল্লেখ করে ফুটবল ভক্তদের কাছে এই বিষয়ে মতামত জানতে চান আরজে নিরব।
আরজে নিরব ফুটবলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে সমর্থন করেন। রাউন্ড অব সিক্সটিনে তার দল নরওয়ের কাছে হেরে যায়। এরপর থেকে তিনি মেসিদের বিরুদ্ধে যারাই মাঠে নামছেন তাদের সমর্থন জানাচ্ছেন।
কেএন/টিএ