© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বন্যায় মানুষ মারা যাচ্ছে, প্রধানমন্ত্রী সেখানে না গিয়ে গেলেন বরিশালে: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেয়ার করুন:
বন্যায় মানুষ মারা যাচ্ছে, প্রধানমন্ত্রী সেখানে না গিয়ে গেলেন বরিশালে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৫ পিএম | ১৩ জুলাই, ২০২৬
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বন্যায় মানুষ মারা যাচ্ছে, প্রধানমন্ত্রী সেখানে না গিয়ে গেলেন বরিশালে।  

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নওগাঁর বদলগাছী ডাকবাংলা মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বন্যার কারণে অনেক এইচএসসি পরীক্ষার্থীকে কষ্ট করে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার চাইলে পরীক্ষা স্থগিত করতে পারত বা বিকল্প ব্যবস্থা নিতে পারত। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের যাতায়াত ও পরীক্ষা নির্বিঘ্ন করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি।

তিনি আরও বলেন, বন্যাকবলিত এলাকায় নৌকার ব্যবস্থা, বিকল্প পরীক্ষা কেন্দ্র বা অন্যান্য সহায়তা নিশ্চিত করা হলে শিক্ষার্থীরা দুর্ভোগ থেকে কিছুটা মুক্তি পেত।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপিকেও সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, অতীতে আলোচিত ‘হাওয়া ভবন’-এর মতো একটি প্রভাবকেন্দ্র এখন বিদেশ থেকে পরিচালিত হচ্ছে এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা দেশের ক্ষমতার কাঠামোয় প্রভাব বিস্তার করছেন।

তার দাবি, দেশের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সুশৃঙ্খল ও যোগ্য তরুণ নেতৃত্বকে সামনে আনা প্রয়োজন।

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এমআই/টিএ

মন্তব্য করুন