নিখুঁত ত্বকের জন্য আলিয়ার পছন্দের ‘স্কিন স্ন্যাক’
ছবি: সংগৃহীত
১২:২৯ পিএম | ১৪ জুলাই, ২০২৬
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট শুধু অভিনয় বা ফ্যাশনের জন্যই নন, তার উজ্জ্বল ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্যও প্রশংসিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের পছন্দের একটি ঘরোয়া ‘স্কিন স্ন্যাক’-এর কথা জানান, যা নিয়মিত খেলে ত্বক ও অন্ত্রের স্বাস্থ্যের উপকার হয় বলে বিশ্বাস করেন তিনি।
আলিয়ার এই সহজ রেসিপিতে থাকে ঘি, গুড়, গুঁড়া করা চিনাবাদাম এবং সামান্য নারিকেল। তার ভাষায়, এটি শুধু পেটের জন্যই নয়, ত্বকের জন্যও উপকারী।
তবে প্রশ্ন হলো, এই ‘স্কিন স্ন্যাক’ কি সত্যিই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারে?
পুষ্টিবিদদের মতে, রেসিপিটিতে ব্যবহৃত উপাদানগুলোতে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো ত্বকের আর্দ্রতা বজায় রাখতে, ত্বকের সুরক্ষা স্তরকে শক্তিশালী করতে এবং কোষের ক্ষতি কমাতে সহায়ক হতে পারে। পাশাপাশি কিছু উপাদান অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও ভূমিকা রাখে, যা পরোক্ষভাবে ত্বকের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
তবে শুধু এই খাবার খেলেই নিখুঁত ত্বক পাওয়া যাবে, এমন ধারণা ঠিক নয়। পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্য, ভালো ঘুম, নিয়মিত ব্যায়াম এবং সঠিক স্কিনকেয়ারও সমান গুরুত্বপূর্ণ।
এ ছাড়া এই ধরনের খাবারে ঘি, গুড় ও বাদাম থাকায় ক্যালোরির পরিমাণ তুলনামূলক বেশি। তাই অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি বা অতিরিক্ত চিনি গ্রহণের ঝুঁকি তৈরি হতে পারে। ডায়াবেটিস, বাদামে অ্যালার্জি বা বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাওয়াই ভালো।
বিশেষজ্ঞদের মতে, আলিয়ার ‘স্কিন স্ন্যাক’ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি অংশ হতে পারে, তবে এটিকে ত্বকের উজ্জ্বলতার একমাত্র রহস্য মনে করার সুযোগ নেই। দীর্ঘমেয়াদে সুস্থ জীবনযাপনই সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের সবচেয়ে বড় ভিত্তি।
এসএন