চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের পাকড়াও করুন: জামায়াত আমির
ছবি: সংগৃহীত
০১:১৩ পিএম | ১৪ জুলাই, ২০২৬
চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। হামলাকারীদের কঠিন শাস্তি হবে কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
জামায়াত আমির লেখেন, চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। লক্ষণ খুব ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর অনাস্থা প্রকাশ করে জামায়াত আমির বলেন, জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ, সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে। এদের খুঁটির জোর কোথায়?
কেএন/এসএন