শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ মন্তব্যেকে কেন্দ্র করে সজীব ভূঁইয়া প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত
০৮:৩৭ পিএম | ১৪ জুলাই, ২০২৬
সারাদেশে টানা বৃষ্টিপাত, বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চলমান রাখায় তোপের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মন্ত্রীর পদত্যাগ দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে মন্ত্রীর করা একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়েও চলছে তীব্র সমালোচনা। সেই সমালোচনায় যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘১৭ বছরের ফার্মের মুরগিদের খাঁচা থেকে বের করে মুক্তির স্বাদ দেওয়া শিক্ষার্থীদেরই বলা হচ্ছে ফার্মের মুরগি!’
এহছানুল হক মিলনের উদ্দেশে তিনি আর লেখেন, ‘যাদের ফার্মের মুরগি বলছেন তাদের বন্ধুরা শহীদ হয়েছে বলেই আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন।’
এর আগে গতকাল সোমবার রাতে এক পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে শিক্ষামন্ত্রীর কথোপকথন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই কথোপকথনের একটি ভিডিওতে পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’
এদিকে, মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুলাই পথযাত্রায় অংশ নিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর উদ্দেশে বলেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি আজ মন্ত্রী হয়েছেন। শিলং থেকে সংবিধান বিশেষজ্ঞ আসতে পেরেছেন।
আরআই/টিএ