ফিফা বিশ্বকাপের ফাইনালে পারফর্ম করবেন আইশোস্পিড
ছবি: সংগৃহীত
১২:০৩ এএম | ১৫ জুলাই, ২০২৬
ফিফা বিশ্বকাপের ফাইনালকে বর্ণাঢ্য করে তুলতে বিশেষ আয়োজন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের উদ্বোধনী ও সমাপনী আয়োজনে থাকছেন একঝাঁক বিশ্বখ্যাত তারকা। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিড।
ফিফা জানিয়েছে, ২৩তম বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) অনুষ্ঠান শুরু হবে।সেখানেই পারফর্ম করবেন আইশোস্পিড। এরপর ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা)।
আইশোস্পিড ছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন মার্কিন অভিনেতা টম ক্রুজ, গায়িকা নিকোল শেরজিঙ্গার ও ইতালীয় সংগীতশিল্পী লরা পাউসিনি।৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপের যাত্রাকে উদ্যাপন করতেই এই আয়োজন।

ফাইনাল শুরুর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় গায়িকা জেনিফার হাডসন। এছাড়া সুপার বোলের আদলে এবার বিশ্বকাপ ফাইনালেও থাকছে ১১ মিনিটের হাফটাইম শো। সেখানে পারফর্ম করার কথা রয়েছে কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারসহ আরও কয়েকজন শিল্পীর।
ফাইনালের টিকিটধারী দর্শকেরা ম্যাচ শুরুর প্রায় চার ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তাদের জন্যও থাকবে অতিরিক্ত প্রাক্-ম্যাচ বিনোদনের ব্যবস্থা।
এদিকে ফাইনালে কারা মুখোমুখি হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আজ দিবাগত রাতে ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে নামবে ফ্রান্স-স্পেন।আগামীকাল একই লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড। এই দুই ম্যাচ থেকে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে।
এমআর/টিএ