© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা, উচ্ছ্বাসে ভাসল নরওয়ে

শেয়ার করুন:
দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা, উচ্ছ্বাসে ভাসল নরওয়ে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৪ এএম | ১৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ডসহ নরওয়ে জাতীয় ফুটবল দলের সদস্যরা। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে দেশের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।

জাতীয় দলকে স্বাগত জানাতে রাজধানী অসলোর রাস্তায় নেমে আসেন লাখো সমর্থক। বিমানবন্দর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়কজুড়ে ছিল উৎসবের আমেজ।

দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দেশে ফেরার পথে নরওয়ের বিমানবাহিনীর যুদ্ধবিমান জাতীয় দলের বিমানকে এসকর্ট করে অসলো পর্যন্ত নিয়ে আসে। বিমানবন্দরে খেলোয়াড়দের স্বাগত জানান রাজপরিবারের সদস্যরা এবং হাজারো সমর্থক।

বিমান থেকে নামার সময় আর্লিং হালান্ডের হাতে একটি খালি বোতল ধরে থাকা স্টাফ করা র‍্যাকুন দেখা যায়। তার এই ব্যতিক্রমী উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মধ্যে হাস্যরসের জন্ম দেয়।



অসলোর সংবর্ধনা অনুষ্ঠানে নরওয়ের রাজপরিবারের সদস্যরাও অংশ নেন। বিশ্বকাপজুড়ে আলোচিত ‘ভাইকিং রো’ উদযাপনে সমর্থকদের সঙ্গে যোগ দেন যুবরাজ হাকোন। ঢোল বাজিয়ে তিনি এই উদযাপনের নেতৃত্ব দেন। বিশ্বকাপে জয় পাওয়ার পর হালান্ড ও মার্টিন ওডেগার্ড যেভাবে এই উদযাপন করেছিলেন, সেই একই দৃশ্য আবারও দেখা যায় রাজধানীর অনুষ্ঠানে।

এ ছাড়া খোলা ছাদের বাসে শহরজুড়ে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানে খেলোয়াড়রা সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন এবং সমর্থকরাও করতালি ও উল্লাসে অভিনন্দন জানান দলের ঐতিহাসিক সাফল্যের জন্য।

নরওয়ের স্বপ্নযাত্রার ইতি ঘটে মায়ামিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে। ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় হালান্ডরা। সেই জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড।

কেএন/এসএন




মন্তব্য করুন