আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি: বিদায়ের পর হতাশ এমবাপ্পে
ছবি: সংগৃহীত
১১:২৩ এএম | ১৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয়ার পর হতাশা লুকাননি ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে তিনি স্বীকার করেন, কৌশলগত ও কারিগরি; দুই দিক থেকেই নিজেদের প্রত্যাশিত ফুটবল খেলতে পারেনি ফ্রান্স। তার মতে, এমন পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল জেতা সম্ভব নয়।
ম্যাচ শেষে ফরাসি টেলিভিশন চ্যানেল এম৬-কে দেয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘আমরা যে ম্যাচ খেলতে চেয়েছিলাম, সেটা খেলতেই পারিনি। কৌশলগত হোক বা কারিগরি; সব দিক থেকেই আমাদের পারফরম্যান্স প্রত্যাশার নিচে ছিল। আর বিশ্বকাপের সেমিফাইনালে যদি নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারেন, তাহলে জয় পাওয়া সম্ভব নয়।’

স্পেনের প্রশংসা করে তিনি জানান, প্রতিপক্ষ নিজেদের স্বাভাবিক খেলাই খেলেছে। তিনি বলেন, ‘স্পেন বলের দখল ধরে রেখে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে ভালোবাসে। আমাদের লক্ষ্য ছিল শুরু থেকেই তাদের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা নিজেদের ছন্দে খেলতে না পারে। কিন্তু আমরা সেটি করতে পারিনি। খুব বেশি কারিগরি ভুল করেছি এবং প্রয়োজনের সময় তাদের সমস্যায় ফেলতে পারিনি। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টানার দায়িত্ব ছিল আমাদের, কিন্তু সেখানেই আমরা ব্যর্থ হয়েছি।’
মিডফিল্ডের লড়াইয়ে পিছিয়ে পড়াকেও পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন ফরাসি অধিনায়ক। তার ভাষায়, ‘শুরু থেকেই মিডফিল্ডে আমরা তিন বনাম দুই পরিস্থিতিতে পড়েছিলাম। স্পেনের মতো দলের বিপক্ষে এটা খুব কঠিন। ফাবিয়ান রুইজ ও রদ্রি অনেক সময় পেয়েছে। প্রেসিংয়ে সমন্বয়ের অভাব ছিল। আমার মনে হয়, আমাদের একে একে মার্কিং করা উচিত ছিল এবং তাদের আরও দৌড়াতে বাধ্য করা উচিত ছিল।’
তিনি আরও বলেন, ‘বল উঁচু এলাকায় পুনরুদ্ধার করার পরও আমাদের প্রথম স্পর্শ বিশ্বকাপ সেমিফাইনালের মানের ছিল না। এসব ভুল একসঙ্গে মিলেই এই হার ডেকে এনেছে।’
নিজেদের পারফরম্যান্স নিয়ে নিরপেক্ষ মূল্যায়ন করতে গিয়েও এমবাপ্পে বলেন, ‘সত্যি বলতে, ফাইনালে ওঠার জন্য যা যা করা দরকার ছিল, আমরা তার সবকিছু করতে পারিনি।’
ব্যক্তিগত অনুভূতি জানাতে গিয়ে হতাশা প্রকাশ করেন ফরাসি অধিনায়ক। তিনি বলেন, ‘অন্য সবার মতো আমিও ভীষণ হতাশ। আমাদের স্বপ্ন ছিল ফাইনালে উঠে দেশের মানুষকে আবার স্বপ্ন দেখানোর, ইতিহাস গড়ার। এই হতাশা ভাষায় প্রকাশ করা কঠিন।’
তবে দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও জানিয়েছেন তিনি। ফরাসি অধিনায়ক বলেন, ‘শীর্ষ পর্যায়ের ফুটবলে এভাবেই এগিয়ে যেতে হয়। এখন কিছুটা বিশ্রাম নেব, তারপর আবার নতুন করে শুরু করতে হবে। কারণ ফুটবল কারও জন্য অপেক্ষা করে না। এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তভাবে ফিরতে হবে।’
এফআর/এসএন