শেষ হচ্ছে দেশম অধ্যায়, ফ্রান্সের দায়িত্ব নিচ্ছেন জিদান
ছবি: সংগৃহীত
১১:৩৪ এএম | ১৫ জুলাই, ২০২৬
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। আর এই পরাজয়ের মধ্য দিয়েই শেষ হয়ে গেল দিদিয়ের দেশমের ১৪ বছরের দীর্ঘ কোচিং অধ্যায়।
টুর্নামেন্ট শুরুর আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপ শেষে ফ্রান্সের দায়িত্ব ছাড়বেন। এখন সেই সিদ্ধান্তই বাস্তবে রূপ নিচ্ছে।
তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।
দেশমের ফ্রান্সের হয়ে আর একটি ম্যাচ বাকি।
আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শেষবারের মতো ফরাসি ডাগআউটে দেখা যাবে তাকে। এরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে জিদান যুগ।
২০১২ সালে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়া দেশমের অধীনে দলটি ইউরোপ ও বিশ্ব ফুটবলে অন্যতম ধারাবাহিক শক্তিতে পরিণত হয়। ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৮ সালে বিশ্বকাপ শিরোপা, ২০২২ সালে রানার্সআপ এবং ২০২৬ সালে সেমিফাইনাল চারটি বিশ্বকাপেই দলকে বহুদূর নিয়ে গেছেন।

তবে এবারের বিশ্বকাপে তার সামনে ছিল আরও বড় একটি ইতিহাস গড়ার সুযোগ। টানা তৃতীয়বারের মতো ফ্রান্সকে বিশ্বকাপের ফাইনালে তুলতে পারলে সেটি হতো অনন্য এক কীর্তি। আর শিরোপা জিততে পারলে খেলোয়াড় ও কোচ মিলিয়ে তিনটি বিশ্বকাপ জয়ের কীর্তিতে ব্রাজিলের কিংবদন্তি মারিও জাগালোর পাশে নাম লেখাতেন তিনি। কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে হেরে সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।
দেশম ১৯৯৮ সালে ফ্রান্সের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন। পরে ২০১৮ সালে কোচ হিসেবেও দলকে শিরোপা এনে দেন। ২০২২ সালে আর্জেন্টিনার কাছে নাটকীয় ফাইনালে হেরে রানার্সআপ হয় তার দল। আর এবার স্পেনের কাছে সেমিফাইনালে বিদায় নিয়েই শেষ হচ্ছে তার বিশ্বকাপ যাত্রা।
অন্যদিকে, মারিও জাগালো ১৯৫৮ ও ১৯৬২ সালে খেলোয়াড় হিসেবে এবং ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপ জেতান। ১৯৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সহকারী কোচও ছিলেন তিনি।
গত ১৪ বছরে ফ্রান্সের ডাগআউটে ১৮৫ ম্যাচে দায়িত্ব পালন করে ১২০টি জয়, ৩৫টি ড্র ও ৩০টি হার দেখেছেন তিনি।
এখন ফ্রান্স নতুন অধ্যায়ের অপেক্ষায়। বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদে তিনটি টানা চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কিংবদন্তির সামনে এবার লক্ষ্য হবে দেশমের রেখে যাওয়া উত্তরাধিকারকে আরও সমৃদ্ধ করা এবং ফ্রান্সকে আবারও বিশ্বসেরার আসনে ফিরিয়ে নেওয়া।
এফআর/এসএন