© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুম্বাইয়ের কফি হাউসে হলিউডের তিন তারকা

শেয়ার করুন:
মুম্বাইয়ের কফি হাউসে হলিউডের তিন তারকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৪ পিএম | ১৫ জুলাই, ২০২৬
হলিউডের নতুন সিনেমা ‘দ্য অডিসি’-এর প্রচারে ভারত সফর করেছেন ক্রিস্টোফার নোলান, ‘স্পাইডার–ম্যান’তারকা টম হল্যান্ড ও ম্যাট ডেমন। হলিউডের আন্তর্জাতিক তারকাদের এই অনাড়ম্বর সফর ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের মাটিতে পা রাখার পর হলিউডের জনপ্রিয় তারকারা সুন্দর সময় কাটাতে বিলাসবহুল কোনো রেস্তোরাঁ নয়, বরং বেছে নিয়েছিলেন মুম্বাইয়ের এক শতাব্দীপ্রাচীন কফি হাউস। মুম্বাইয়ের ১০৮ বছরের পুরনো অলিম্পিয়া কফি হাউসে এসে হলিউডের তিন তারকা বসে আড্ডা দেয়ার জন্য চা, বান-মাস্কা ও হালকা নাশতা অর্ডার করেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সে মুহূর্তের ভিডিও ভাইরাল।
 
ভারতের ক্যাফে-সংস্কৃতি এবং আন্তরিক আতিথেয়তার প্রতি ভালোবাসা থেকেই ভারতের অলিম্পিয়া কফি হাউসে ঢুঁ মারেন ক্রিস্টোফার নোলান, ‘স্পাইডার–ম্যান’তারকা টম হল্যান্ড ও ম্যাট ডেমন। প্রতিদিনের মতো সেদিনও ক্যাফেতে আসা লোকজনের চলছিল চায়ের সাথে টা আর জমপেশ আড্ডা। হঠাৎ সেখানে হাজির হন হলিউডের তিন তারকা অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলান, ‘স্পাইডার-ম্যান’খ্যাত টম হল্যান্ড এবং ম্যাট ডেমন। তবে মজার বিষয় হলো ক্যাফের কর্মীরা তাদের কাউকেই প্রথমে চিনতে পারেননি!
 
বিশ্বের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র তিন ব্যক্তিত্বের অলিম্পিয়া কফি হাউস সফরে এ ক্যাফের ব্যবস্থাপক জানান, তিন তারকা একেবারে সাধারণ অতিথির মতো বসে চা, বান মাস্কা ও হালকা নাশতা উপভোগ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল হলে গুগলে খুঁজে অতিথিদের আসল পরিচয় জানতে পারেন কর্মীরা। তবে বাইরে দ্রুত ভিড় জমে যাওয়ায় নিরাপত্তার কারণে মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই ক্যাফে ছাড়েন তারকারা। এরপর ইউনিভার্সাল পিকচার্স ইন্ডিয়া ওই মুহূর্তের ছবি প্রকাশ করলে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
 
‘দ্য অডিসি’ সিনেমার আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবে মুম্বাই সফর শেষে ক্রিস্টোফার নোলান জানান, মুম্বাইয়ের দর্শকদের সিনেমার প্রতি গভীর ভালোবাসা তাকে মুগ্ধ করে। তাই আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবে মুম্বাই সফর করেছেন তিনি।
 
প্রাচীন গ্রিক মহাকবি জন্মান্ধ হোমারের লেখা প্রধান দুটি মহাকাব্য হলো 'ইলিয়াড' ও 'ওডিসি'। 'ইলিয়াড' মহাকাব্যে হোমার ট্রয় যুদ্ধের নয় বছর পর গ্রিক বীর একিলিস ও তার প্রিয় বন্ধু প্যাট্রোক্লাসকে নিয়ে কাহিনি রচনা করেন। আর ট্রয় যুদ্ধ জয়ের পর ইথাকার রাজা গ্রিক বীর ওডিসিউসের নিজ রাজ্যে ফিরে আসার ১০ বছরের রোমাঞ্চকর ও বিপদসংকুল দীর্ঘ যাত্রার কাহিনি নিয়ে তৈরি হয় 'ওডিসি' মহাকাব্য।
 
হোমারের লেখা এই 'ওডিসি' মহাকাব্যই রূপালি পর্দায় তুলে এনেছেন অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলান। ‘ওপেনহাইমার’-এর বিশ্বজোড়া সাফল্যের পর নতুন এ সিনেমাটিও বিশ্বজুড়ে সিনেপ্রেমীদের মনে ঝড় তুলবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
 
প্রসঙ্গত, ‘দ্য অডিসি’সিনেমায় টম হল্যান্ড ও ম্যাট ডেমনের পাশাপাশি অভিনয়ে রয়েছেন অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেনডায়াসহ একঝাঁক তারকা। আগামী ১৭ জুলাই সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পাবে।

এসএ/টিএ
 

মন্তব্য করুন