হালান্ডকে বার্তা পাঠিয়েও উত্তর পেলেন না ‘স্পাইডার-ম্যান’ খ্যাত টম
ছবি: সংগৃহীত
০৭:৩৫ পিএম | ১৫ জুলাই, ২০২৬
বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং দামী চিত্রতারকাদের একজন হওয়া সত্ত্বেও সবার কাছে কিন্তু টম হল্যান্ডের গুরুত্ব একই রকম নয়! সম্প্রতি জনপ্রিয় মার্কিন টকশো ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’-এ এসে ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড অকপটে স্বীকার করেছেন যে, নরওয়েজিয়ান ফুটবল তারকা আর্লিং হালান্ডকে পাঠানো তার একটি ব্যক্তিগত মেসেজ (ডিএম) স্রেফ এড়িয়ে গেছেন এই ফুটবলার। নিজের এই অভিজ্ঞতাকে হাসিমুখে বেশ ‘নম্র ও বিনয়ী করে তোলার মতো এক অভিজ্ঞতা’ বলে অভিহিত করেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই তারকা।
অনুষ্ঠানের সঞ্চালক জিমি ফ্যালন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর একটি পোস্টের সূত্র ধরে টম হল্যান্ডের কাছে জানতে চান, এটি সত্যি কি না যে হালান্ডকে তিনি হ্যাংআউটের প্রস্তাব দিয়ে মেসেজ পাঠিয়েছিলেন এবং হালান্ড তাকে পাত্তাই দেননি? কারণ ওই পোস্ট অনুযায়ী, হালান্ড নাকি সিনেমাই দেখেন না, তাই তিনি টম হল্যান্ডকে স্রেফ একজন সাধারণ মানুষ ভেবে ইগনোর করেছেন। জবাবে টম হল্যান্ড কিছুটা লাজুক হেসে সত্যতা স্বীকার করে বলেন, হ্যাঁ, এটি একদম সত্যি। অভিনেতাদের অহংকার মাটি চাপা দিয়ে বিনয়ী হওয়ার জন্য জীবনে মাঝে মাঝে এমন অভিজ্ঞতার প্রয়োজন আছে। তিনি ভেবেছিলেন টেক্সট করে হালান্ডকে রাতের খাবারের আমন্ত্রণ জানাবেন, কিন্তু ফিরতি কোনো উত্তর তো দূরের কথা, কোনো অজুহাত বা ‘ব্যস্ত আছি’ টাইপের ন্যূনতম কোনো সাড়াও মেলেনি।

টম হল্যান্ড জানান, গত জুনের শুরুতে ফর্মুলা ওয়ান মোনাকো গ্র্যান্ড প্রিক্স দেখার সময় গ্যালারিতে তিনি হালান্ডকে দেখতে পান। তখনই মূলত তাকে মেসেজ করার অনুপ্রেরণা পান তিনি। তবে মাঝখানের এই সময়ে পরিস্থিতি কিছুটা বদলেছে। গত শনিবার মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। নিজ দেশ ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে নরওয়ে বিদায় নেওয়ার পর হালান্ড এখন বেশ হতাশায় আছেন উল্লেখ করে হল্যান্ড রসিকতা করে বলেন, এই হারের পর হালান্ড নিশ্চয়ই এখন আর তার সঙ্গে ডিনারে বসতে চাইবেন না।
অবশ্য মেসেজ উপেক্ষা বা মাঠের লড়াইয়ের তিক্ততা ভুলে হালান্ডের প্রতি নিজের মুগ্ধতার কথাই জানিয়েছেন টম হল্যান্ড। নরওয়ে বিদায় নিলেও বিশ্বকাপে হালান্ডের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে তাকে ‘অসাধারণ’ বলে আখ্যা দেন তিনি।
অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ার পরও ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে হালান্ড জানিয়েছেন, ছোটবেলায় নরওয়ের আগে তিনি ইংল্যান্ডেরই জার্সি কিনেছিলেন এবং সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাওয়া ইংল্যান্ডের জন্য তার শুভকামনা রয়েছে। হল্যান্ডও আশা প্রকাশ করেন যে, দীর্ঘদিনের খরা কাটিয়ে এবার হয়তো ইংল্যান্ডের ঘরেই বিশ্বকাপ ট্রফি উঠতে যাচ্ছে।
সূত্র: পিপল ডট কম
এসএ/টিএ