আওয়ামী লীগের ন্যূনতম অনুশোচনা থাকলে রাজনীতি করতে চাইত না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:১৯ পিএম | ১৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগ কোনোভাবেই তাদের বিগত কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না এবং তাদের ন্যূনতম অনুশোচনা থাকলে তারা আবার রাজনীতি করতে চাইত না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের দোসররা পৃথিবীর যে দেশেই পালিয়ে থাকুক না কেন, তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশে কোনো সরকার যাতে পুনরায় ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সেজন্য জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হবে।
দেশের সব ঐতিহাসিক আন্দোলনে শিক্ষার্থীদের অগ্রণী ও গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এ দেশের ছাত্রসংগঠনকে আর কোনোভাবেই কলঙ্কিত হতে দেয়া হবে না। একই সঙ্গে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনাকে নিজেদের কোনো ব্যক্তিগত বা দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এই আলোচনা সভায় জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ১৫টি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা অভ্যুত্থানের আগের ও পরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্মৃতির কথা তুলে ধরেন এবং স্পষ্ট ভাষায় বলেন, জুলাই অভ্যুত্থানে কারও এককভাবে কৃতিত্ব নেয়ার কোনো সুযোগ নেই। এটি ছিল দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের এক অভূতপূর্ব জাগরণ।
সভায় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জুলাইয়ের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ছাত্রলীগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্নে ছাত্রদলসহ পুরো বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।
এমআই/টিএ