৬০ বছরের ক্যারিয়ারের ইতি, কিংবদন্তি অভিনেত্রী এলসা অ্যাগিরি আর নেই
ছবি: সংগৃহীত
০১:৫৮ পিএম | ১৮ জুলাই, ২০২৬
মেক্সিকান চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী এলসা অ্যাগিরি আর নেই। গত মঙ্গলবার (১৪ জুলাই) ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বুধবার এক শোকবার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে মেক্সিকোর ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পারফর্মারস (এএনডিআই)। তবে তার মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি।
প্রায় ছয় দশকের অভিনয়জীবনে ৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এলসা অ্যাগিরি। মেক্সিকান চলচ্চিত্রে অসামান্য অবদানের পাশাপাশি ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের বিখ্যাত ‘জায়ান্ট’ সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পান। ছবিটিতে তিনি ‘হুয়ানা’ চরিত্রে অভিনয় করেছিলেন।

কৈশোরে একটি সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন এলসা। এরপর প্রযোজনা প্রতিষ্ঠান সিএলএএসএ ফিল্মস মুন্দিয়ালেসের নজরে এসে বড় পর্দায় কাজের সুযোগ পান। ১৯৪৫ সালে বোন আলমা রোসার সঙ্গে ‘এল সেক্সো ফুয়ের্তে’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়জীবনের সূচনা।
১৯৪০ ও ১৯৫০-এর দশকে তিনি মেক্সিকোর অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কুইদাদো কন এল আমোর’, ‘লা মুজের কে ইও আমে’, ‘আকাপুলকো’ এবং ‘ভ্যানিলা, ব্রোঞ্জ ই মরির’।
২০০৪ সালে অভিনয় থেকে অবসর নেন এলসা অ্যাগিরি। তার মৃত্যুতে মেক্সিকোর চলচ্চিত্রাঙ্গন ও অসংখ্য ভক্ত-অনুরাগীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এসএ/টিএ