শিল্পীদের রাজনৈতিক বন্ধনীতে আটকে রাখবেন না: মামুনুর রশীদ
ছবি: সংগৃহীত
০৩:১১ পিএম | ১৮ জুলাই, ২০২৬
অভিনয়শিল্পীদের রাজনৈতিক বিভাজনের বাইরে রেখে তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বরেণ্য অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের উপদেষ্টা মামুনুর রশীদ। তিনি বলেন, বহুবার রাজনৈতিক দলগুলোকে শিল্পীদের দলীয় বন্ধনীতে আবদ্ধ না করার অনুরোধ জানানো হলেও সেই আহ্বানে সাড়া মেলেনি। গত ১৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী পর্ষদের এক বছর পূর্তি ও সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মামুনুর রশীদ বলেন, আমরা বহুবার রাজনৈতিক দলগুলোকে বোঝানোর চেষ্টা করেছি, শিল্পীদের বন্ধনীভুক্ত করবেন না। কিন্তু কেউ শোনেনি। এখনো একই পরিস্থিতি বিরাজ করছে। তার মতে, রাষ্ট্রের টেলিভিশন ও রেডিওর মতো প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে শিল্পীদের দলীয় পরিচয়ের ভিত্তিতে মূল্যায়নের প্রবণতা দেখা যায়। এ বিষয়ে রাজনৈতিক নেতৃত্বের আরও সচেতন হওয়া প্রয়োজন, অন্যথায় অভিনয়শিল্পীদের অধিকার পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হবে না।
তিনি আরও বলেন, শিল্পীদের মানবিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অভিনয়শিল্পী সংঘকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কোনো শিল্পী দুর্ঘটনা, অসুস্থতা বা সংকটে পড়লে সংগঠন যেন মানবিকভাবে তার পাশে দাঁড়াতে পারে, সেই সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। করোনা মহামারির সময় সংগঠনের ভূমিকার কথা স্মরণ করে মামুনুর রশীদ বলেন, ভবিষ্যতেও শিল্পীদের যেকোনো বিপদে সংগঠনকে পাশে থাকতে হবে। একজন শিল্পী যেন এই বিশ্বাস রাখতে পারেন যে, প্রয়োজনে তার সংগঠন তাকে একা ছেড়ে দেবে না এটাই একটি শক্তিশালী সংগঠনের সবচেয়ে বড় দায়িত্ব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। এ সময় সংঘের নতুন ওয়েবসাইটের উদ্বোধন করেন মামুনুর রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিলারা জামান, খায়রুল আলম সবুজ, সারা যাকের, ফারুক আহমেদ, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, তৌকীর আহমেদ, আলী রাজ, কচি খন্দকার, রওনক হাসান, আহসান হাবীব নাসিমসহ দেশের অঙ্গনের অনেক অভিনয়শিল্পী।
এসএ/টিএ