© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরীক্ষা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই এইচএসসি পরীক্ষার্থীর

শেয়ার করুন:
পরীক্ষা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই এইচএসসি পরীক্ষার্থীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪০ পিএম | ১৮ জুলাই, ২০২৬
নরসিংদীর শিবপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুরের আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিস (২২)। নাফিজের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামে এবং স্বাধীনের বাড়ি একই উপজেলার বাদুয়ারচর পুরানপাড়ায়।

পুলিশ ও নিহতের বন্ধুরা জানায়, আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজে। আজ তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। তারা বাজনাব এলাকায় পৌঁছলে শিবপুরগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই দিন সকালে পুড়াদিয়া-বেলাবো সড়কের রাধাখালী ব্রিজ এলাকায় নছিমন উল্টে চালক শাওন নিহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে জীবিকার সন্ধানে নছিমন নিয়ে মনোহরদী উপজেলা থেকে বেলাবোর উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে রাধাখালী ব্রিজের কাছাকাছি পৌঁছালে হঠাৎ গাড়ির একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন চালক ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়।

নিহত শাওন মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের ব্রাহ্মণেরগাঁও গ্রামের ফারুক হোসেনের ছেলে।  

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, চালক নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের অনুরোধের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে।


এমআই/টিকে

মন্তব্য করুন