© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাজিল নেই, তাই খেলার আগ্রহও নেই: অপু বিশ্বাস

শেয়ার করুন:
ব্রাজিল নেই, তাই খেলার আগ্রহও নেই: অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১২ পিএম | ১৯ জুলাই, ২০২৬
বিশ্বকাপ ফুটবল এলেই দেশের শোবিজ অঙ্গনেও ছড়িয়ে পড়ে উন্মাদনা। প্রিয় দলকে ঘিরে তারকাদের মধ্যে চলে আনন্দ, খুনসুটি আর বন্ধুত্বপূর্ণ তর্ক। তবে এবারের বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর ফুটবলের প্রতি আগ্রহ অনেকটাই হারিয়ে ফেলেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

শৈশব থেকেই ব্রাজিলের সমর্থক অপু বিশ্বাস জানান, প্রিয় দলের বিদায়ের পর এখন আর নিয়মিত খেলা দেখেন না। বরং সময় কাটাচ্ছেন সিনেমা দেখে।

সম্প্রতি এক আলাপচারিতায় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে ফুটবল দেখার মজার অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই অভিনেত্রী।

অপু বলেন, ‘আগে জয় খেলা খুব একটা বুঝত না। কিন্তু এবার ও ফুটবল অনেক ভালো বোঝে। যেহেতু ব্রাজিল নেই, তাই আমি খেলার বদলে সিনেমা দেখি। কিন্তু জয় আর্জেন্টিনার খেলা দেখবেই। আমি অন্য রুমে গিয়ে টেলিভিশন চালালেও ও এসে আবার খেলা চালিয়ে দেয়। এটা নিয়ে আমাদের মধ্যে ছোট ছোট মজার মুহূর্ত তৈরি হয়।’



মজার বিষয় হলো, যেখানে মা ব্রাজিলের সমর্থক, সেখানে ছেলে জয় আর্জেন্টিনার ভক্ত। তাই বিশ্বকাপ চলাকালীন তাদের বাসায় ফুটবল নিয়ে ছোটখাটো ‘সমর্থক যুদ্ধ’ লেগেই থাকে।

এদিকে বাংলাদেশ সময় আজ রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে লিওনেল মেসির ভক্তদের জন্যও। গুঞ্জন রয়েছে, ৩৯ বছর বয়সী এই তারকা বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন।

ফাইনাল ঘিরে বিশেষ আয়োজনও রেখেছে ফিফা। বিরতির সময় হবে বিশেষ সংগীতানুষ্ঠান, যেখানে পারফর্ম করার কথা রয়েছে শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের। এ কারণে ফাইনালের হাফটাইম ১৫ মিনিটের পরিবর্তে ২০ মিনিট করা হয়েছে। এর মধ্যে ১১ মিনিট থাকবে সংগীত পরিবেশনার জন্য, আর বাকি সময় মাঠ প্রস্তুতের কাজে ব্যবহার করা হবে।

এখন অপেক্ষা শুধু শেষ বাঁশির। বিশ্বকাপ ট্রফি শেষ পর্যন্ত কার হাতে উঠবে, সেটিই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

এসএন 

মন্তব্য করুন