ফ্যাশন শোয়ে অনন্যার উন্মুক্ত কোমরে গৌরব গুপ্তর চিমটি, নেটদুনিয়ায় সমালোচনার ঝড়
ছবি: সংগৃহীত
০৬:২৫ পিএম | ১৯ জুলাই, ২০২৬
মুম্বাইয়ের এক ফ্যাশন শোতে অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ঘিরে ঘটে যাওয়া একটি মুহূর্ত সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠানে পোশাকশিল্পী গৌরব গুপ্তর সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে থাকা অবস্থায় অনন্যার কোমরে তার স্পর্শের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত গৌরব গুপ্তর নতুন ব্রাইডাল কালেকশনের ফ্যাশন শোতে শোস্টপার ছিলেন অনন্যা পাণ্ডে। ঐতিহ্যবাহী ও আধুনিকতার মিশেলে তৈরি পোশাকে র্যাম্পে হাঁটার পর ডিজাইনারের সঙ্গে দর্শকদের শুভেচ্ছা গ্রহণ করছিলেন তিনি।
এ সময় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গৌরব গুপ্ত হঠাৎ অনন্যার উন্মুক্ত কোমরে আঙুল দিয়ে স্পর্শ করেন। পরিস্থিতি সামলে অভিনেত্রী হাসিমুখেই কিছুটা সরে দাঁড়ান। মুহূর্তটি ক্যামেরাবন্দি হওয়ার পরই তা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি নিয়ে নেটিজেনদের মতভেদ দেখা দিয়েছে। একাংশের দাবি, এটি দুই পরিচিত মানুষের মধ্যে নিছক বন্ধুত্বপূর্ণ খুনসুটি। অন্যদিকে অনেকেই জনসমক্ষে এমন আচরণকে অনুচিত ও অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন।
এ বিষয়ে এখন পর্যন্ত অনন্যা পাণ্ডে বা গৌরব গুপ্ত কেউই কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।
উল্লেখ্য, এর আগেও পরিচালক-প্রযোজক করণ জোহরকে ঘিরে অনন্যা পাণ্ডের সঙ্গে এমন কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছিল। ‘কল মি বে’ সিজন ২-এর প্রচারণার সময় করণের আচরণ নিয়েও সমালোচনা হয়েছিল। এবার গৌরব গুপ্তর সঙ্গে ভাইরাল হওয়া ভিডিও নতুন করে সেই বিতর্ককে সামনে নিয়ে এসেছে।
এসএন